সৌদি আরবের মদিনা অঞ্চলের উন্নয়ন কর্তৃপক্ষ পবিত্র রমজান মাসে মুসল্লিদের জন্য ইফতারের খাবার সরবরাহ করতে ক্যাটারিং প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আবেদন আহবান করেছে। ১৪৪৮ হিজরি সালের রমজান মাসে অঞ্চলটির নির্ধারিত বিভিন্ন স্থানে এসব খাবার সরবরাহ করা হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আগামী ১৮ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন জমা দিতে হবে।
এই উদ্যোগের আওতায় মদিনার কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে আবর-ই আলী এলাকার মিকাত মসজিদ, মসজিদে কিবলাতাইন এবং সাংস্কৃতিক কেন্দ্র। রমজান মাসে এসব স্থানে মুসল্লি ও রোজাদার দর্শনার্থীদের জন্য ইফতারের খাবার সরবরাহ করা হবে।
আবেদন করার আগে সংশ্লিষ্ট বিধি-বিধান ও কার্যক্রম পরিচালনার শর্ত পূরণ নিশ্চিত করতে ক্যাটারিং প্রতিষ্ঠানগুলোর প্রতি আহবান জানান হয়েছে। এসব শর্তের মধ্যে রয়েছে প্রতিষ্ঠানের বৈধ লাইসেন্স, প্রয়োজনীয় পরিচালন অনুমতিপত্র এবং খাবার প্রস্তুত ও ক্যাটারিং কার্যক্রমে নিয়োজিত কর্মীদের স্বাস্থ্য সনদ।
কর্তৃপক্ষ আরো জানিয়েছে, এ উদ্যোগে অংশ নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়সীমার মধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
