শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কারের দাবিতে বিক্ষোভরত ফরাসি শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন সুইডিশ পরিবেশবাদী আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। আন্দোলনের কেন্দ্রবিন্দু প্যারিসের সাঁ-দেনি শহরের পল এলুয়ার্ড হাই স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।
বার্তা সংস্থা এএফপিকে থুনবার্গ বলেন, তরুণ প্রজন্মকে আলোচনার বাইরে রেখে সরকার আমাদের ভবিষ্যৎ আমাদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে।
এদিন বিক্ষোভকারীদের ওপর পুলিশের বর্বরতার প্রতিবাদ জানিয়ে ফরাসি আইনজীবীরাও মানববন্ধনে অংশ নেন।
স্কুল ভবনের উন্নয়ন, শিক্ষক ঘাটতি, ও শিক্ষাব্যবস্থার অনিয়মের বিরুদ্ধে সেপ্টেম্বর মাসের শেষ দিকে প্রতিবাদ শুরু করেন ফ্রান্সের শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার সবচেয়ে বড় বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে রাজপথে নামেন ৭০ হাজারেরও বেশি ফরাসি নাগরিক।
