কক্সবাজার: কক্সবাজারের ইনানীতে ‘টুপটুপ’ রিসোর্টে আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন বেশ কয়েকজন। এদের মধ্যে পাঁচ জনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এর আগে শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে আগুন লাগে। পরে বেলা ১১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেন।
অগ্নিকাণ্ডে নিহতরা হলেন- রাজধানীর বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭) এবং চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) ও ফায়িজান আহম্মেদ (৫)।
অন্যদিকে আহতরা হলেন- চিকিৎসক শিহাব উদ্দীন (৩১), তার স্ত্রী নাফিজা নেওয়াজ খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)। এদের মধ্যে পাঁচ জন দগ্ধ হয়েছেন। তাদের শরীরের প্রায় ৫ শতাংশ পুড়ে গেছে। অন্যজন পড়ে আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) মাহমুদ সোহেল এসব তথ্য জানান।
পুলিশ জানায়, কাঠের তৈরি রিসোর্টটিতে মোট কক্ষ ছিল নয়টি। শুক্রবার রাতে তিনটি কক্ষের পর্যটক চেকআউট করে চলে যান। বাকি ছয়টি কক্ষে ১৬ জন পর্যটক অবস্থান করছিলেন। তাদের মধ্যে কয়েকজন সকালে বাইরে ছিলেন।
ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য জানান, ঘটনাস্থল থেকে প্রথমে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়। পরে আরও একজনের মৃত্যু হয়। নিহত সবাই পর্যটক বলে ধারণা করা হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
