আজকাল ওয়েবডেস্ক: আমেরিকায় হিন্দু মন্দিরে হামলার ছক কষার অভিযোগে গ্রেপ্তার হল ১৯ বছরের এক তরুণ। ঘটনাটি ইলিনয় রাজ্যের অরোরা এলাকার। অভিযুক্তের নাম আলেকজান্দ্রোস পাপোরাকিস। পুলিশ সূত্রে খবর, তাঁর কাছ থেকে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী মতাদর্শে লেখা একটি ম্যানিফেস্টো উদ্ধার হয়েছে। সেখানে ভারতীয় বংশোদ্ভূত এবং দক্ষিণ এশিয়দের বিরুদ্ধে হিংসার উল্লেখ রয়েছে বলে তদন্তকারীদের দাবি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ ছড়িয়েছে।
সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, গত ১১ অক্টোবর প্যালাটাইন এলাকার বাসিন্দা পাপোরাকিসকে গ্রেপ্তার করে পুলিশ। সম্ভাব্য গণহত্যার পরিকল্পনা সম্পর্কে খবর পাওয়ার পর তদন্ত শুরু হয়। বুধবার কুক কাউন্টির থার্ড মিউনিসিপ্যাল ডিস্ট্রিক্ট আদালতে শুনানির পর বিচারক অভিযুক্তকে হেফাজতে রাখার নির্দেশ দেন। আগামী ৩০ অক্টোবর তাঁকে ফের আদালতে হাজির করা হবে।
তদন্তকারীদের দাবি, মাউন্ট প্রসপেক্ট পুলিশের কাছে এক ব্যক্তি অভিযোগ জানান যে, পাপোরাকিসের কাছ থেকে তিনি উদ্বেগজনক বার্তা পেয়েছেন। ওই বার্তাগুলির সঙ্গে একটি নথিও ছিল, যেখানে সম্ভাব্য গণহত্যার পরিকল্পনার বিবরণ দেওয়া হয়েছিল বলে অভিযোগ। পাশাপাশি একটি রাইফেল, একাধিক ম্যাগাজিন, বডি আর্মার এবং অন্যান্য সামরিক কৌশলগত সরঞ্জামের ছবিও পাঠানো হয়েছিল বলে জানা গিয়েছে।
প্যালাটাইন পুলিশ বিভাগের বক্তব্য, তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে আধিকারিকদের সন্দেহ হয়, ১১ অক্টোবর রবিবার কোনও হিন্দু উপাসনালয়ে হামলা চালানোর পরিকল্পনা থাকতে পারে অভিযুক্তের। তবে ঠিক কোন মন্দিরকে লক্ষ্য করা হয়েছিল, তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
১১ অক্টোবর বাড়ি থেকে বেরোনোর সময় প্যালাটাইন ও মাউন্ট প্রসপেক্ট পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয় পাপোরাকিসকে। পরে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি রাইফেল, একাধিক ভর্তি ম্যাগাজিন, কয়েকশো রাউন্ড গুলি এবং বিভিন্ন কৌশলগত সরঞ্জাম উদ্ধার করা হয়। একটি বডি আর্মারযুক্ত ভেস্টের পাশাপাশি শ্বেতাঙ্গ আধিপত্যবাদী চরমপন্থার সঙ্গে সম্পর্কিত প্রতীকযুক্ত একটি প্যাচও পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
এই সম্ভাব্য হামলার আশঙ্কার কথা জানার পর অরোরা পুলিশ এলাকার হিন্দু উপাসনালয়গুলির সঙ্গে যোগাযোগ করে সতর্ক করে দেয়। অভিযুক্তের বিরুদ্ধে সন্ত্রাসবাদী হুমকি দেওয়া এবং ১৬ ইঞ্চির কম দৈর্ঘ্যের ব্যারেলযুক্ত রাইফেল বেআইনিভাবে রাখার অভিযোগ আনা হয়েছে।
ঘটনার তদন্তে এফবিআই-ও স্থানীয় পুলিশের সঙ্গে কাজ করছে। প্রয়োজনে আরও অভিযোগ আনা হতে পারে বলে জানিয়েছেন তদন্তকারীরা। এদিকে, হিন্দু আমেরিকান ফাউন্ডেশন পুলিশের পদক্ষেপকে স্বাগত জানিয়ে সকলকে সতর্ক থাকার এবং সম্ভাব্য হুমকির বিষয়ে প্রশাসনকে জানানোর আহ্বান জানিয়েছে। সংগঠনটির বক্তব্য, প্রত্যেক সম্প্রদায়ের মানুষের ভয়হীনভাবে উপাসনা করার অধিকার রয়েছে।
https://www.youtube.com/watch?v=JwFdq_tA9cE
