নেত্রকোণায় বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ফেয়ারডিল সিরাপসহ ফারুক মিয়া (২৬) নামের এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
শনিবার (২৪ অক্টোবর) মধ্যরাতে জেলার সদর উপজেলার দিগজান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটককৃত ফারুক মিয়া পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের নাটেরকোণা গ্রামের জব্বার আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা উপজেলার সিধলী এলাকা থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান দিগজান বাজার এলাকায় পৌঁছালে সেটির গতিপথ রোধ করা হয়। পরবর্তীতে গাড়িটিতে তল্লাশি চালিয়ে বিশেষ চেম্বারে সুকৌশলে লুকিয়ে রাখা ৫৬০ বোতল ‘ফেয়ারডিল নিউ’ সিরাপ উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জব্দকৃত সিরাপ ও পিকআপ ভ্যানের আনুমানিক বাজারমূল্য প্রায় ২১ লাখ ৮১ হাজার ৫০০ টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন বাদী হয়ে নেত্রকোণা মডেল থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করেছেন।
জেএইচআর
