Published : 16 Oct 2026, 07:51 PM
Updated : 16 Oct 2026, 07:51 PM
ময়মনসিংহের ত্রিশাল উপজলায় উল্টোপথে আসা কভার্ড ভ্যানের ধাক্কায় লেগুনার দুই যাত্রীর প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও নয়জন।
শুক্রবার সকালে উপজেলার গুজিয়াম এলাকার বগার বাজারে নিগারজামান ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ত্রিশাল থানার ওসি মো. মনসুর আহমেদ।
নিহতরা হলেন- গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের মফিজুল হকের ছেলে নাইম মিয়া (২৩) এবং ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের নিগুরকান্দা গ্রামের রায়েরগ্রাম এলাকার আব্দুস সোবহানের ছেলে কামাল ফকির (৪০)।
আহতরা ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের বগার বাজার এলাকার দাবির উদ্দিন স্পিনিং মিলের শ্রমিকেরা রাতে কাজ শেষে সকালে গন্তব্যে যাওয়ার জন্য একটি লেগুনায় ওঠেন।
পথে ইউটার্ন নেওয়ার সময় উল্টো পথে আসা ময়মনসিংহগামী একটি কভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনাটিকে ধাক্কা দেয়। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হন। আহত হন নারীসহ আরও নয়জন।
খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
দাবির উদ্দিন স্পিনিং মিলের এজিএম সেলিম আল রাজী বলেন, আহত শ্রমিকদের চিকিৎসার জন্য মিলের একজন কর্মকর্তা হাসপাতালে আছেন।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, দুজনের লাশ বডি-ব্যাগে করে ত্রিশাল পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি মনসুর আহমেদ বলেন, আইনি প্রক্রিয়া শেষে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
