স্টাফ করেসপন্ডেন্ট
রাজধানীর ভাটারায় বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মো. আলমগীর হোসেন (৫২) নামে এক নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, আঘাত ও শ্বাসরোধে তার মৃত্যু হয়ে থাকতে পারে। ঘটনাটিকে হত্যাকাণ্ড হতে পারে।
বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার এম ব্লকের ৮/এ সড়কের একটি টিনের ছাপড়াঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘরের ভেতরে একটি চৌকির ওপর লাশটি পড়ে ছিল।
নিহত আলমগীর হোসেন নাটোরের বাগাতিপাড়া থানার সাইলকোনা গ্রামের মৃত কলিম উদ্দিন প্রামাণিকের ছেলে। তিনি বসুন্ধরা আবাসিক এলাকার এম ব্লকের ৮/এ সড়কে বসবাস করতেন।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত আলমগীর নির্মাণাধীন একটি ভবনের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।
পুলিশ জানায়, আলমগীরের নিচের ঠোঁটের বাঁ পাশে কাটা ও রক্তাক্ত জখম ছিল। এ ছাড়া তার গলায় আঙুলের চাপের চিহ্ন এবং ডান পায়ের হাঁটুর নিচে ক্ষত পাওয়া গেছে। এসব আলামত থেকে প্রাথমিকভাবে আঘাত ও শ্বাসরোধে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার ভোরে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
