যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক সোহাগ ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত মঙ্গলবার রাতে মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার সিআইডির সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার (সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস) মো. ছুফি উল্লাহ এ তথ্য জানান।
মো. ছুফি উল্লাহ বলেন, প্রশ্নফাঁসের ঘটনায় দায়ের করা মামলার তদন্তে সোহাগ ফকিরের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পরে রাজৈর থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোহাগ আব্দুল হালিম ফকির ও বিউটি বেগমের ছেলে। তার বাড়ি মাদারীপুরে। এ সময় তার কাছ থেকে দুটি স্মার্টফোনসহ বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে।
সিআইডি জানায়, গত ১০ অক্টোবর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় পরীক্ষাটি স্থগিত করা হয়। এ ঘটনায় পরদিন রাজধানীর মতিঝিল থানায় মামলা করা হয়। মামলার তদন্তে পাওয়া তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোহাগ ফকিরের অবস্থান শনাক্ত করা হয়। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এই মামলায় এখন পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৫ সরকারি কর্মচারীসহ ৭ জনকে গ্রেপ্তার করে এআরবি এবং একজনকে গ্রেপ্তার করেছে সিআইডি।
