মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়া থেকে ১৬ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ২৭ জন বন্দিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। গত ২১ অক্টোবর কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) টার্মিনাল-১ ও টার্মিনাল-২ দিয়ে তাঁদের প্রত্যাবাসন করা হয়। মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যের অভিবাসন বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তেরেঙ্গানু রাজ্যের অভিবাসন বিভাগের প্রত্যাবাসন ইউনিট এ কার্যক্রম পরিচালনা করে। এতে সহযোগিতা করে আজিল অভিবাসন নিয়ন্ত্রণ ডিপোর একটি দল। প্রত্যাবাসিত ২৭ জনই পুরুষ। তাঁদের বয়স ১৯ থেকে ৫০ বছরের মধ্যে।
ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে বাংলাদেশের ১৬ জন, ইন্দোনেশিয়ার সাতজন, ভারতের দুজন, পাকিস্তানের একজন ও কম্বোডিয়ার একজন রয়েছেন।
অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, প্রত্যাবাসনের আগে তাঁদের সবার আইনি প্রক্রিয়া সম্পন্ন হয় এবং তাঁরা নিজ নিজ সাজা ভোগ করেন। পাশাপাশি মালয়েশিয়ার প্রচলিত অভিবাসন আইন অনুযায়ী তাঁদের কালোতালিকাভুক্ত করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাঁদের নিজ নিজ দেশে পাঠানো হয়।
তেরেঙ্গানু রাজ্যের অভিবাসন বিভাগ জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি প্রত্যাবাসন কার্যক্রম সুশৃঙ্খল, নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
