মহিলাদের ক্ষেত্রে স্তন ক্যানসার অন্যতম সাধারণ একটি রোগ। এ নিয়ে অনলাইনে এবং বিভিন্ন মহলে প্রচুর আলোচনাও হয়ে থাকে। তবে পুরুষদের মধ্যেও যে এই রোগের ঝুঁকি থাকতে পারে, সে বিষয়ে খুব একটা আলোচনা হয় না বললেই চলে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতের সার্জিক্যাল অনকোলজিস্ট ড. তেজাস প্রকাশ ভিসপুটে জানান, পুরুষদের মধ্যে এই রোগটি বেশ বিরল হলেও, পুরুষরা যে এর ঝুঁকিমুক্ত—এমনটি নয়।
তিনি উল্লেখ করেন, অনেক পুরুষই বুকের কাছে কোনো চাকা বা গিটলি দেখা দিলে তা এড়িয়ে যান, যা আসলে একটি বড় বিপদের সংকেত হতে পারে এবং কোনোভাবেই তা অবহেলা করা উচিত নয়।
তিনি বলেন, ‘পুরুষদের স্তন ক্যানসার সচরাচর দেখা যায় না, আর ঠিক এই কারণেই কোনো পরিবর্তন লক্ষ্য করলে অনেক পুরুষই বিষয়টিকে গুরুত্ব দেন না। সচেতনতার এই অভাবের কারণে চিকিৎসকের কাছে যেতে দেরি হয় এবং শেষ পর্যন্ত রোগ নির্ণয়েও বিলম্ব ঘটে।’
তার কথায়, ‘পুরুষদের শরীরেও স্তনের টিস্যু থাকে এবং এই টিস্যু থেকেই ক্যানসার দানা বাঁধতে পারে।’
স্তন ক্যানসারের প্রাথমিক সতর্কবার্তা
পুরুষদের স্তন ক্যানসারের বেশ কিছু প্রাথমিক লক্ষণ রয়েছে, যা অনেকটা নারীদের লক্ষণগুলোর মতোই। ড. ভিসপুটে জানান, ‘সবচেয়ে সাধারণ সতর্কবার্তা হলো একটি শক্ত পিণ্ড বা গিটলি, যা সাধারণত বোঁটার (নিপল) কাছাকাছি দেখা দেয়।’ এ ছাড়া তিনি আরও কিছু লক্ষণের কথা বলেছেন:
স্তনের বোঁটা ভেতরে ঢুকে যাওয়া
ত্বকে লালচে ভাব দেখা দেওয়া বা চামড়া ওঠা
অদ্ভুত ধরনের রস বা তরল নির্গমন, বিশেষ করে রক্তমিশ্রিত তরল
বগলের নিচে ফুলে যাওয়া
অনকোলজিস্টের মতে, এই লক্ষণগুলোর যেকোনোটি দেখামাত্রই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। তিনি জোর দিয়ে বলেন, ‘সব গিটলিই ক্যানসার নয়; পুরুষদের ক্ষেত্রে গাইনোকোমেস্টিয়া-র মতো সমস্যাগুলো অনেক বেশি দেখা যায়। তবে একমাত্র নিরাপদ উপায় হলো—বুকের ত্বকে বা টিস্যুতে নতুন বা স্থায়ী কোনো পরিবর্তন দেখা দিলে তা দ্রুত একজন চিকিৎসককে দিয়ে পরীক্ষা করানো।’
চেক-আপ করাতে দ্বিধা না করার গুরুত্ব
ড. ভিসপুটের মতে, পুরুষদের রোগ নির্ণয়ে দেরি হওয়ার আরেকটি বড় কারণ হলো এমন একটি সমস্যা নিয়ে লজ্জা বা দ্বিধাবোধ করা, যা সচরাচর নারীদের সঙ্গেই বেশি যুক্ত বলে ধরা হয়।
তিনি বলেন, ‘অনেকে হয়তো বিব্রত বোধ করেন, বিষয়টিকে হরমোনজনিত সমস্যা ভেবে বসে থাকেন অথবা পিণ্ডটি নিজে থেকেই মিলিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করেন। তবে চিকিৎসকের পরামর্শ নিতে লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। পুরুষদের স্তন ক্যানসার কোনো লিঙ্গ-ভিত্তিক রোগ নয়, এটি একটি সাধারণ শারীরিক সমস্যা। তাছাড়া পুরুষদের স্তন ক্যানসারে সাধারণত হরমোন-পজিটিভ হয়ে থাকে, যার ফলে এর নিরাময়ের সম্ভাবনা বা প্রোগনোসিস বেশ ভালো হয়।’
তবে চিকিৎসকের কাছ থেকে একটি আশার বাণীও উঠে এসেছে—বর্তমানে স্বাস্থ্য পরীক্ষা ও রোগ নির্ণয় ব্যবস্থা আগের চেয়ে অনেক বেশি সহজলভ্য হয়ে উঠেছে।
তিনি পরামর্শ দিয়ে বলেন, ‘পুরুষদের জন্য বার্তাটি খুব স্পষ্ট: কেবল পুরুষ বলেই বুকের কোনো চাকা বা গিটলিকে এড়িয়ে যাবেন না। সময়মতো সচেতন হওয়া এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া ক্যানসার জয়ের যাত্রায় বিরাট তফাত গড়ে দিতে পারে।’