ফরিদপুরে ২০ মাদক মামলার আসামি শিল্পী বেগমকে গাঁজাসহ আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলার পর আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শিল্পী বেগম ফরিদপুর শহরের গুহলক্ষীপুর এলাকার নূর ইসলামের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শিল্পী বেগমের বসতঘরে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি কাপড়ের ব্যাগে কসটেপ দিয়ে পেঁচানো অবস্থায় দুটি ব্যাগে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে একমাত্র আসামি করে কোতোয়ালি থানার উপপরিদর্শক হাসান শিকদার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
কোতোয়ালি থানার ওসি মো. মাহামুদুল হাসান বলেন, শিল্পী বেগমকে দেড় কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে৷ তার পিসিআর যাচাই করে দেখা গেছে, ইতোপূর্বে তার নামে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
