কালবেলা · রাজনীতি
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ
২৫/১০/২০২৬

আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে নির্বাচনি এলাকায় বহিরাগতদের অবস্থানে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্দেশনা অনুযায়ী, ২৭ অক্টোবর সকাল ৮টা থেকে ৩০ অক্টোবর বিকাল ৪টা পর্যন্ত নির্বাচনি এলাকার বাসিন্দা বা ভোটার নন, এমন ব্যক্তিরা ওই এলাকায় অবস্থান করতে পারবেন না।
রোববার (২৫ অক্টোবর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের শূন্য পদে নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনি কার্যক্রমে সম্পৃক্ত ব্যক্তি, নির্বাচন কমিশনের অনুমতিপ্রাপ্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার বাসিন্দা বা ভোটারদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
এ বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗