কিশোরগঞ্জের নিকলী উপজেলার একটি মাদরাসার ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলার প্রধান আসামি সাকিব মিয়া (২২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, উপপরিদর্শক (এসআই) কৌশিক মল্লিকের নেতৃত্বে পুলিশের একটি দল সাকিবের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। তিনি নিকলী সদর উপজেলার রোদার পুড্ডা মাইজহাটি গ্রামের নজরুল মিয়ার ছেলে।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী (১৬) জারইতলা ইউনিয়নের গাছতলা গ্রামের শাহেদ আলীর মেয়ে। সে রোদার পুড্ডা তাজিমউদ্দিন মহিলা মাদরাসার শিক্ষার্থী। মাদরাসায় আসা-যাওয়ার পথে সাকিব তাকে প্রায়ই উত্ত্যক্ত করত বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, সাকিবের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ৫ অক্টোবর সকাল সাড়ে ৮টার দিকে সাকিব, রাজন ও আরও কয়েকজন তাকে জোরপূর্বক অপহরণের হুমকি দেয়।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহম্মেদ বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে মামলার প্রধান আসামি সাকিবকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭ ও ৯(১)/৩০ ধারায় মামলা করা হয়েছে বলে জানা গেছে।
