অনলাইন ডেস্ক
ভারতের মধ্যপ্রদেশের গালিওরে শীতলা মাতা মন্দিরের কাছে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের ধাক্কায় ১২ তীর্থযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গালিওরের পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ধর্মবীর সিং জানান, চিন্নরের দিক থেকে আসা শস্যবোঝাই ট্রাকটি রাস্তার নিচু অংশে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে। এরপর মন্দিরের বাইরে জড়ো হওয়া ভক্তদের ধাক্কা দিয়ে মন্দিরের দেয়াল ও গেটে আঘাত করে।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে ১২ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। আহতদের মধ্যে মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যও রয়েছেন।
নিহত ব্যক্তিরা সবাই মন্দিরে আসা তীর্থযাত্রী বলে জানিয়েছে এনডিটিভি। দুর্ঘটনার পর ঘটনাস্থলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
