সিলেটের জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে চিকিৎসার জন্য ভারতে যাওয়ার উদ্দেশ্যে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে গেলে তার পাসপোর্ট ব্লক থাকার বিষয়টি শনাক্ত হয়। পরে ইমিগ্রেশন পুলিশ তাকে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে কামাল আহমদ তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে পৌঁছালে পাসপোর্ট যাচাইয়ের সময় তা ব্লক থাকার বিষয়টি ধরা পড়ে। এরপর ইমিগ্রেশন পুলিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে তাকে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করে। এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত একটি মামলায় সিলেটের জালালাবাদ থানায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছিলেন তিনি এবং পরবর্তীতে জামিনে মুক্তি পান।
পরিবার সূত্রে জানা গেছে, কামাল আহমদ চিকিৎসকের পরামর্শে লিভারের রোগে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসা ভিসা নিয়ে ভারত যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে তামাবিল ইমিগ্রেশনে পাসপোর্ট ব্লক থাকায় তার সেই যাত্রা শেষ পর্যন্ত ব্যাহত হয়।
জৈন্তাপুর মডেল থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা কামাল আহমদকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, গত মাসে জৈন্তাপুর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।