Published on
:
1 min read
এই সময়, বালুরঘাট: নিখোঁজ হওয়ার দু’দিন পর রেল লাইনের ধারে অসুস্থ অবস্থায় উদ্ধার হয়েছিল অষ্টম শ্রেণির এক ছাত্রী। তার সঙ্গে ছিলেন অসুস্থ এক যুবক। দু’জনকেই ভর্তি করা হয় বালুরঘাট জেলা হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হল না। শনিবার সকালে মৃত্যু হলো ওই নাবালিকার। আশঙ্কাজনক অবস্থায় এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন যুবক। কী ভাবে তাঁরা অসুস্থ হয়ে পড়লেন, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশের পুরো বিষয়টি খতিয়ে দেখছে। দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে পুলিশের অনুমান।
ঘটনার সূত্রপাত, গত ১৩ অক্টোবর। বালুরঘাট ব্লকের বাসিন্দা ওই ছাত্রী স্কুলের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিল। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন ফোনে তার সঙ্গে যোগাযোগ করেন। তখন এক বান্ধবীর বাড়িতে থাকার কথা জানিয়েছিল সে। কিন্তু পরদিন সকাল থেকে তার সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি পরিবারের সদস্যরা। শেষ পর্যন্ত ১৫ অক্টোবর বালুরঘাট–মালদা রেলপথের বোল্লা হল্ট স্টেশনের কাছে রেল লাইনের এক যুবকের সঙ্গে তাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশের সহযোগিতায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ওই যুবকের বাড়ি কুশমণ্ডি ব্লকে। স্থানীয়দের একাংশের অনুমান, বিষজাতীয় কোনও পদার্থ খাওয়ার জেরেই দু’জনে অসুস্থ হয়ে পড়েন। শনিবার দুপুরে মৃতার দেহের ময়না–তদন্ত করা হয়। তবে এ নিয়ে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।
মৃতার বাবা বলেন, ‘আমার মেয়ে ক্লাস এইটে পড়ত। গত ১৩ তারিখ স্কুলের অনুষ্ঠানে যাওয়ার পর থেকে আমার মেয়েকে আর পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে আমি জানতে পারি যে তাকে রেল লাইনের ধারে অসুস্থ অবস্থায় পাওয়া গিয়েছে। হাসপাতালে আসার পর চিকিৎসকরা জানান যে, আমার মেয়ে ও ওই যুবক দুজনেই বিষ পান করেছে। তবে ঠিক কী ঘটনা ঘটেছে তা এখনও জানি না।’ পুলিশ জানিয়েছে, ময়না–তদন্তের রিপোর্ট আসার পরই বিষয়টি পরিষ্কার হবে।
