নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পঞ্চমীঘাট পোদ্দারবাড়ির শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। পরিদর্শনের সময় তাঁকে বর্ণাঢ্য ফুলেল শুভেচ্ছা জানান পূজার প্রধান উদ্যোক্তা ও পানামা ফুডের চেয়ারম্যান অমল পোদ্দার, সিআইপি।
উপজেলার সাদীপুর ইউনিয়নের পঞ্চমীঘাট পোদ্দারবাড়ি পূজা কমিটির সভাপতি প্রদীপ পোদ্দারের সভাপতিত্বে ও বাপ্পি পোদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, সহকারী কমিশনার (ভূমি), সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারেক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাদীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুম এবং সাধারণ সম্পাদক আব্দুর রহমান উপস্থিত ছিলেন।
এ ছাড়া পানামা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিল্পপতি অমল পোদ্দারের ভাই বাদল পোদ্দার ও বিমল পোদ্দারসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই ঐতিহ্যবাহী দুর্গোৎসবের সার্বিক অর্থায়ন, ব্যবস্থাপনা ও মূল সহযোগিতায় ছিলেন বিশিষ্ট শিল্পপতি অমল পোদ্দার।
পূজামণ্ডপের সার্বিক আয়োজন ও সুশৃঙ্খল পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি চমৎকার আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের প্রশাসনিক ও ব্যক্তিগত সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে এ বছরের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। সনাতন ধর্মাবলম্বী সবাইকে পূজার শেষ মুহূর্তের অনুষ্ঠানমালায় অংশ নেওয়ার আহ্বান জানান তাঁরা।
জেএইচআর
