প্রকাশিত: ১৪:৫২, ১৬ অক্টোবর ২০২৬ আপডেট: ১৫:০৩, ১৬ অক্টোবর ২০২৬
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
পুলিশ পাহারায় উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম মঙ্গলবার চুয়েট ক্যাম্পাস ত্যাগ করেন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা শেষে সার্কিট হাউসে ফিরেছেন। সেখানে ফিরেই শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ভার্চ্যুয়ালি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা আহ্বান করেছেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক মো. রাশিদুল হাসান এ তথ্য জানান।
তিনি জানান, উপাচার্য আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় অনলাইনে সভা করার কথা জানিয়ে বার্তা পাঠিয়েছেন।
সিন্ডিকেটের আরেক সদস্য এবং তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক কাজী দেলোয়ার হোসাইন জানান, উপাচার্য তাকে সভার বিষয়ে বার্তা দিয়েছেন। তবে, এভাবে বার্তা পাঠিয়ে সিন্ডিকেট সভা আহ্বান করা নিয়মসিদ্ধ কি না, সে বিষয়ে তার জানা নেই। সাধারণত রেজিস্ট্রারের মাধ্যমে সভার আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয় বলে জানান তিনি।
সভা আহ্বানের বিষয়ে বক্তব্য জানতে উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের ফোন একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।
এর আগে, গত মঙ্গলবার সন্ধ্যায় চুয়েটের প্রশাসনিক ভবনে অবরুদ্ধ থাকা উপাচার্যকে উদ্ধার করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার। পরে অসুস্থতার কারণে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরে চিকিৎসা শেষে তিনি সার্কিট হাউসে ফিরে যান।
চুয়েটে উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে গত ২১ সেপ্টেম্বর থেকে অচলাবস্থা চলছে। ওই দিন অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক শেখ শরীফুল আলমকে উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে পরদিন ২২ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন। একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি পালন করছেন। এতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।
