ভিটিনহার শেষ মুহূর্তের গোলে গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চকর লড়াইয়ে বার্সেলোনাকে ৪-২ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইট জার্মেই (পিএসজি)। এবারের আসরের শিরোপার অন্যতম দাবিদার দুই দলের লড়াইয়ে জয় পেয়েছে ফরাসি ক্লাবটি।
প্যারিসের পার্ক ডি প্রিন্সেসে ম্যাচের ২-২ সমতা ভাঙেন পর্তুগিজ প্লেমেকার ভিটিনহা। গত বছরের ব্যালন ডি’অর ভোটে তৃতীয় হওয়া এই ফুটবলার ৮১ মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করেন।
এরপর ফাবিয়ান রুইজের গোলে জয় নিশ্চিত হয় পিএসজির। চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচের সবকটিতেই জিতেছে তারা। টানা তৃতীয় মৌসুমে এই প্রতিযোগিতার শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে এগোচ্ছে ফরাসি জায়ান্টরা।
একপর্যায়ে মনে হয়েছিল অন্তত এক পয়েন্ট নিয়ে ফিরবে বার্সেলোনা। এ বছরের ব্যালন ডি’অর জয়ের আশায় থাকা লামিন ইয়ামাল দলের হয়ে দ্বিতীয়বার সমতা ফেরান। এর আগে পিএসজিকে এগিয়ে দিয়েছিলেন ডিজায়ার দুয়ে।
বার্সেলোনার হয়ে তরুণ জাভি এসপার্ট গোল করার পর লুকাস এরনান্দেস পিএসজির দ্বিতীয় গোলটি করেন।
এই হার বার্সেলোনার জন্য ধাক্কা হলেও ইউরোপীয় প্রতিযোগিতায় পরবর্তী রাউন্ডে ওঠার সম্ভাবনায় বড় ধরনের প্রভাব পড়ার কথা নয়।
ম্যাচের আগে চলতি মৌসুমে টানা ১১ জয়ের ধারায় ছিল বার্সেলোনা। সেই ধারায় ছন্দপতন ঘটলেও গোল করার ছন্দ ধরে রেখেছে দলটি। ইয়ামালের গোলটি ছিল চলতি মৌসুমে বার্সেলোনার ৫০তম গোল।
