প্রিয় স্মার্টফোনটি হঠাৎ হাতছাড়া হয়ে গেলে বা চুরি হয়ে গেলে দুশ্চিন্তায় মাথা কাজ না করাটাই স্বাভাবিক। তবে আধুনিক প্রযুক্তির যুগে ফোন হারালেও আর আতঙ্কিত হওয়ার কিছু নেই। আপনার হারিয়ে যাওয়া অ্যান্ড্রয়েড ডিভাইসের নিখুঁত অবস্থান খুঁজে দিতে গুগলের রয়েছে এক শক্তিশালী ফিচার, ‘ফাইন্ড হাব’ (পূর্বের ‘ফাইন্ড মাই ডিভাইস’)। এই ফিচারের সাহায্যে অন্য যেকোনো ফোন বা কম্পিউটার ব্যবহার করে দূর থেকেই ফোনের লাইভ লোকেশন ট্র্যাক করা, রিং বাজানো, এমনকি ডিভাইস লক করে দেওয়াও সম্ভব।
ফাইন্ড হাব কীভাবে কাজ করে?
গুগল অ্যাকাউন্টের সাহায্যে অ্যান্ড্রয়েড ফোন ট্র্যাক করার এই পরিষেবায় ব্যবহার করা হয় শক্তিশালী নেটওয়ার্ক। এমনকি আপনার হারিয়ে থাকা ফোনটির ইন্টারনেট কানেকশন বন্ধ থাকলেও আশপাশের অন্য অ্যান্ড্রয়েড ডিভাইসের নেটওয়ার্ক ব্যবহার করে এর অবস্থান শনাক্ত করা সম্ভব। গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রক্রিয়ায় আদান-প্রদান করা সমস্ত ডেটা সম্পূর্ণ এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকে, ফলে আপনার ব্যক্তিগত ডেটার গোপনীয়তা পুরোপুরি সুরক্ষিত থাকে।
যে সেটিংসগুলো আগে থেকেই অন করে রাখা জরুরি
বিপদের দিনে ফোন খুঁজে পেতে হলে আজই আপনার ফোনের নিচের সেটিংসগুলো চেক করে নিন…
ফোনে অবশ্যই একটি সচল গুগল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে।
ফোনের Location এবং Bluetooth অন রাখতে হবে।
ফাইন্ড হাবের সেটিংসে গিয়ে Offline Finding অপশনটি চালু করে রাখতে হবে।
ফোন সুরক্ষার জন্য স্ক্রিন লক হিসেবে পিন, প্যাটার্ন বা পাসওয়ার্ড সেট করা বাধ্যতামূলক। (উল্লেখ্য, ব্র্যান্ডভেদে এই সেটিংসের নামে কিছুটা ভিন্নতা থাকতে পারে)।
ফোন হারিয়ে গেলে যা করবেন
ফোন হারিয়ে গেলে আতঙ্কিত না হয়ে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন…
১. অন্য কোনো অ্যান্ড্রয়েড ফোনে ফাইন্ড হাব অ্যাপ ওপেন করুন অথবা যেকোনো কম্পিউটারের ব্রাউজার থেকে গুগলের ফাইন্ড হাব অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।
২. আপনার হারিয়ে যাওয়া ফোনে যে গুগল অ্যাকাউন্ট লগইন করা ছিল, ঠিক একই অ্যাকাউন্ট দিয়ে সেখানে সাইন ইন করে আপনার ডিভাইসটি সিলেক্ট করুন।
৩. এরপর স্ক্রিনে ভেসে ওঠা ম্যাপে আপনার ফোনের সর্বশেষ লাইভ লোকেশন দেখতে পাবেন।
৪. ফোনটি আশপাশেই কোথাও হারিয়ে গেলে Play Sound অপশনে ক্লিক করুন। এর ফলে ফোন সাইলেন্ট করা থাকলেও টানা পাঁচ মিনিট ধরে উচ্চস্বরে রিং বাজতে থাকবে।
চুরি হলে বা একেবারে ফিরে পাওয়ার আশা না থাকলে
যদি ফোন চুরি হয়ে যায়, তবে Mark as Lost অপশন ব্যবহার করে ডিভাইসটি তাৎক্ষণিকভাবে লক করে দিতে পারেন। এছাড়া লক স্ক্রিনে আপনার বিকল্প যোগাযোগের নম্বরও সেট করে দেওয়া সম্ভব।
ফোনটি যদি ফিরে পাওয়ার সম্ভাবনা একেবারেই না থাকে, তবে স্পর্শকাতর ব্যক্তিগত তথ্য বাঁচাতে দূর থেকেই ‘ফ্যাক্টরি রিসেট’ দিয়ে সব তথ্য মুছে ফেলা সম্ভব। তবে মনে রাখবেন, রিসেট দেওয়ার পর আর লোকেশন ট্র্যাক করা যাবে না। তাই কোনো অনাকাঙ্ক্ষিত অঘটন ঘটার আগেই আজই আপনার ফোনের ‘ফাইন্ড হাব’ সেটিংস চালু করে রাখুন এবং বিপদের সময় নিজের মূল্যবান ডিভাইস ও ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখুন!
