২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় মেধা ও সাধারণ ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
সোমবার (১৯ অক্টোবর) বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এ তালিকা সংক্রান্ত নির্দেশনা ও শর্তাবলি প্রকাশ করা হয়।
প্রকাশিত শর্তানুযায়ী, মেধাবৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী মাসে ৬০০ টাকা এবং বইপত্র-যন্ত্রপাতি কেনার জন্য বছরে এককালীন ৯০০ টাকা পাবে।
অন্যদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ৩৫০ টাকা এবং বছরে এককালীন ৪৫০ টাকা অর্থসহায়তা পাবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা দেশে সরকারি অনুমোদনপ্রাপ্ত যেকোনো উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে সম্পূর্ণ বিনা বেতনে পড়াশোনার সুযোগ পাবে। কোনো প্রতিষ্ঠান তাদের কাছ থেকে মাসিক বেতন দাবি করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে আইনি ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে শিক্ষা বোর্ড।
