অরিন্দম মুখার্জি: ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজে দু'দিনব্যাপী ছেলেদের ১০ দলের এবং মেয়েদের ৪ দলের হাওড়া জোনাল নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রবিবার এবং সোমবার চলে প্রতিযোগিতা। কোল ইন্ডিয়ার আর্থিক সহযোগিতায় ব্যাক টু ভিলেজের দ্বারা লোকভৃত ফাউন্ডেশনের পরিচালনায় এই নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এই জোনাল প্রতিযোগিতায় সংশ্লিষ্ট জোনের রাজ্যের বিভিন্ন স্থান যেমন - বাঁকুড়া, ঘাটাল, আরামবাগ, দক্ষিণ কলকাতা, তমলুক, কাঁথি থেকে বিজয়ী হয়ে আসা মোট ১৪টি দল উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে।
২০২৫ সালের ডিসেম্বরে শুরু হওয়া সিআইএল টুর্নামেন্টে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের ৪২টি স্থানে ১,৪০০-রও বেশি দল ১,৩৫০-রও বেশি ম্যাচে অংশগ্রহণ করেছে। এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হল, গ্রামীণ তরুণ, তরুণী ফুটবল খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া। তাঁদের উৎসাহিত করা এবং গ্রামীণ এলাকায় ফুটবলের প্রতি আগ্রহ ও প্রতিযোগিতামূলক মনোভাব বৃদ্ধি করা।

প্রতিযোগিতার প্রথম দিনে পুরুষদের নকআউট পর্বের ম্যাচগুলি অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে সেমিফাইনাল, ফাইনাল এবং মহিলা দলের ম্যাচগুলি আয়োজিত হয়। এই জোনাল প্রতিযোগিতায় মোট চারটি মহিলা দল অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেহালা পূর্বের বিধায়ক শ্রী শংকর সিকদার। তিনি খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং তাঁদের ক্রীড়া নৈপুণ্যের প্রশংসা করেন।
পুরুষ বিভাগের ফাইনালে ক্যানিং দিশেহারা ক্লাব দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে জোনাল চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে। অন্যদিকে, গোবিন্দ ধাম ফুটবল ক্লাব রানার্স আপ হয়। মহিলা বিভাগের ফাইনালে দক্ষিণ কলকাতার ইউনাইটেড ফুটবল অ্যাকাডেমি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। গোবিন্দ ধাম মহিলা ফুটবল ক্লাব রানার্স আপ হয়। প্রতিটি বিভাগের বিজয়ী এবং রানার্স আপ দলকে ট্রফির পাশাপাশি নির্ধারিত পুরস্কারমূল্য প্রদান করা হয়। ২৭ এবং ২৮ অক্টোবর পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যস্তরের গ্র্যান্ড ফিনালে। সেখানে জোনাল পর্বের বিজয়ী দলগুলো অংশগ্রহণ করবে।
এই টুর্নামেন্টের সফল আয়োজনে লোকভৃত ফাউন্ডেশনের পক্ষ থেকে সমন্বয়কারী আমন রাজ, প্রীতম সরকার এবং শুভদীপ ভৌমিক-সহ একাধিক তরুণ স্বেচ্ছাসেবক সক্রিয় ভূমিকা পালন করেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় দুই দিনব্যাপী এই ফুটবল প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়। প্রীতম সরকার বলেন 'রাজ্যের বিভিন্ন জোনের মধ্যে হাওড়া জোনের খেলা ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজের মাঠ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আমরা আশাবাদী পরবর্তীতে জাতীয় স্তরে এই খেলোয়াড়রা কঠোর পরিশ্রমের দ্বারা সুযোগ পাবে।'
