হঠাৎ দৃশ্যটা দেখলে চমকে উঠতে পারেন! মনে হতেই পারে, হচ্ছে টা কী! রোহিত শেট্টির সিনেমা নাকি। ট্রেনের জানালা দিয়ে হাত বাড়িয়ে চুরি বা পকেটমারির ঘটনা নতুন নয়। বিশেষ করে ঘুমন্ত যাত্রীর পকেট থেকে জিনিস তুলে নেওয়ার প্রবণতা বহু পুরনো। তাই বলে চলন্ত ট্রেনেই চোর পাকড়াও। ইতিমধ্যে ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিও’র সত্যতা যাচাই করে দেখেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। তবে ভাইরাল ভিডিওটি নিঃসন্দেহে চমকে দেওয়ার মতো!
ভাইরাল হওয়া ভিডিওটি বিহারের (Bihar) ভাগলপুর জেলার শিবনারায়ণপুর রেল স্টেশনের। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ট্রেনের জানলার পাশ থেকে এক যাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করার সময় হাতেনাতে ধরা পড়ে যায় এক সন্দেহভাজন চোর। জানা যায়, ঘটনাটি যখন ঘটে তখন ট্রেনটি থেমেছিল। প্ল্যাটফর্মে ছিল অভিযুক্তের পা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই স্টেশন ছেড়ে দেয় ট্রেনটি। বাড়তে থাকে গতি। সেই সুযোগেই জানলা দিয়ে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন ওই অভিযুক্ত। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। তৎপর এক যাত্রী সঙ্গে সঙ্গে তাঁর হাত শক্ত করে ধরে ফেলেন। তারপর যা হওয়ার তাই হল!
Shocking: At Shivnarayanpur Railway Station, a thief tried to snatch a mobile phone from a moving train and run away, but he was caught and held through the window https://t.co/Eii1vALd4u
— Ramesh Speaks (@rameshofficial0) October 12, 2026
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রেন চলতে শুরু করলেও ওই অভিযুক্তের হাত ছাড়ছেন না। ফলে ওই অভিযুক্ত ব্যক্তি ট্রেনের জানলার বাইরে ঝুলন্ত অবস্থাতেই রয়ে যান। প্ল্যাটফর্মের পাশ দিয়ে বেশ কিছুটা দূর ওই অবস্থায় কার্যত টানতে টানতে নিয়ে যাওয়া হয় তাঁকে। প্ল্যাটফর্মের শেষ প্রান্তে গিয়ে শেষ পর্যন্ত হাত ফসকে ওই ব্যক্তি প্ল্যাটফর্মেই পড়ে যান এবং আহত হয়। পরবর্তীতে রেলওয়ে সুরক্ষা বাহিনী এবং রেলের আধিকারিকরা ওই ব্যক্তিকে উদ্ধার করেন বলে জানা গিয়েছে। এই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল। ইন্টারনেট জুড়ে লাইক-শেয়ারের বন্যা! এর সঙ্গেই রয়েছে কমেন্টের বন্যা। কেউ যাত্রীর সাহসিকতার প্রশংসা করছেন, কেউ কেউ আবার সমালোচনা করতেও শুরু করেছেন। নেটিজেনদের একাংশের কথায়, ট্রেনের বাইরে কাউকে এভাবে ঝুলিয়ে রাখাকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক! ফলে এমন কোনও কাজ করা উচিৎ নয়, যার জেরে একজনের প্রাণ চলে যেতে পারে।
