ভারতের দিল্লিতে মঙ্গলবার (১৩ অক্টোবর) বৈঠকে বসতে যাচ্ছে বঙ্গোপসাগরীয় অঞ্চলের ৭ দেশের আঞ্চলিক জোট- বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীরা। প্রতিবেশী দেশটির রাজধানী নয়াদিল্লিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। তবে দিল্লিতে অনুষ্ঠেয় এই বৈঠকে যোগ দিচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার পরিবর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল বৈঠকে যোগ দেবে।
দিল্লির একাধিক সূত্র এমনই আভাস দিয়েছে। তবে বাংলাদেশ ছাড়া অন্য ৬ সদস্যদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে অংশ নিচ্ছেন বলে জানা গেছে।
মন্ত্রিপর্যায়ের বৈঠকের আগের দিন, অর্থাৎ ১২ অক্টোবর প্রথমবারের মতো আলোচনায় বসবেন সদস্যদেশগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা। তবে ভারতের সঙ্গে বিদ্যমান সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে কিনা— এ প্রশ্নের জবাব মেলেনি।
বিমসটেক সচিবালয় ও দিল্লির কূটনৈতিক সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর আগের দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠক পরিচালনা করবেন ভারতের স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন।
এবারের বৈঠকে বিশেষ গুরুত্ব পাবে সন্ত্রাসবাদ ও আন্তঃসীমান্ত অপরাধ, যা মোকাবিলায় সহযোগিতা জোরদারের বিষয়টিও গুরুত্ব পাবে। সেই সঙ্গে মানবপাচার, মাদকপাচার, অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের পাশাপাশি সদস্যদেশগুলোর আইন প্রয়োগকারী ও নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়েও বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।
