বেশ অনেক দিন ধরেই মাঠে দারুণ ফর্মে মাহফিজুল ইসলাম রবিন। চলমান জাতীয় ক্রিকেট লিগে যেন নিজেকে নতুন করে চেনাচ্ছেন ময়মনসিংহ বিভাগের এই ক্রিকেটার। চলমান আসরের শুরু থেকেই ব্যাট হাতে দাপট ধরে রেখেছেন রবিন।
প্রথম তিন রাউন্ডের ৬ ইনিংসে ব্যাট করে ৪০০ রান সংগ্রহ করেছিলেন রবিন। আজ শনিবার চতুর্থ রাউন্ডের প্রথম ইনংসেই সেঞ্চুরির দেখা পেয়েছেন। চট্টগ্রামের বিপক্ষে শতক হাঁকিয়ে টুর্নামেন্টে ৫০০ রানের ক্লাবে ঢুকে পড়লেন এই ওপেনার। রবিনের এমন পারফরম্যান্স নির্বাচকদের চোখেও স্বস্তিদায়ক।
ফর্মের তুঙ্গে থাকা রবিনকে নিয়ে কিছুদিন আগে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেছিলেন, ‘ও (রবিন) ভালো ফর্মে আছে, ভালো রান করছে। আগের থেকেই আমাদের সিস্টেমের মধ্যে আছে। সিজনটা ভালো শুরু হলো। আমরা আশাবাদী এবারের এনসিএল থেকে এবং পরে যে বিসিএল, আমরা যে ক্রিকেটটা শুরু করতে চাচ্ছি সেখান থেকে আমরা ভবিষ্যতে কিছু খেলোয়াড় খুঁজে পাবো।’
এসএইচ
