চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের জন্য ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবিতে গণঅনশন শুরু করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টা থেকে বন্দরের ওয়ানস্টপ সার্ভিস সেন্টার-সংলগ্ন এলাকায় এ কর্মসূচি শুরু হয়।
গণঅনশন কর্মসূচিতে সংগঠনের সমন্বয়ক হুমায়ুন কবির ও ইব্রাহীম খোকনসহ শ্রমিকেরা আছেন। এদিকে সতর্ক অবস্থানে পুলিশ এবং বন্দর নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
এর আগে এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও পেশাজীবীদের একাংশ প্রতিবাদ কর্মসূচি পালন করে। চুক্তি বাতিলের দাবিতে সভা-সমাবেশ, মানববন্ধন, মিছিল, মশাল মিছিল ও গোলটেবিল বৈঠকের মতো কর্মসূচিও পালন করা হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ ও লাভজনক টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে দীর্ঘমেয়াদে ইজারা দেওয়া হলে বন্দরের পরিচালনা ও শ্রমিকদের স্বার্থ নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। এ কারণে তাঁরা চুক্তি বাতিলের দাবি জানিয়ে আসছেন।
এর মধ্যে গত বৃহস্পতিবার ঢাকায় ইনভেস্ট বাংলাদেশ অডিটোরিয়ামে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার জন্য ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছর মেয়াদি ইজারা চুক্তি সই হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান এবং ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান ঈসা কাজিম চুক্তিতে সই করেন।
চুক্তি সইয়ের আগে আন্দোলনকারীরা সরকারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান। তাঁদের পক্ষ থেকে আলোচনার উদ্যোগ নেওয়ার জন্যও অপেক্ষা করা হচ্ছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে আলোচনার ডাক না পাওয়ার কথা জানিয়ে আন্দোলনকারীরা নতুন কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দেন।
