২০২৭-এ জাপানে বৈদ্যুতিক গাড়ির জন্য দেওয়া ভর্তুকি কমানো হবে
দ্রুত বাজেট ফুরিয়ে যাওয়ার কারণে জাপান সরকার ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে বৈদ্যুতিক যানবাহনের জন্য ভর্তুকির পরিমাণ কমিয়ে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে।
অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, সর্বোচ্চ ভর্তুকি, যার পরিমাণ ১.৩ মিলিয়ন ইয়েন বা প্রায় ৮ হাজার ২২০ ডলার, তা ৩ হাজার ২৮০ ডলারের বেশি কমানো হবে।
বৈদ্যুতিক ও অন্যান্য পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহারকে উৎসাহিত করার লক্ষ্যে মন্ত্রণালয় ক্রয়-ভর্তুকি প্রদান করে। ২০২৫ অর্থবছরের সম্পূরক বাজেটে মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যয় হিসেবে প্রায় ৬শ' ৯৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেখেছিল।
মন্ত্রণালয় বলছে, ভর্তুকি কমানোর উদ্দেশ্য হলো এটিকে এমন এক সীমার মধ্যে রাখা, যা ব্যবস্থাটিকে চালিয়ে যাওয়া সম্ভবপর করবে।
বৈদ্যুতিক যানবাহনের জন্য প্রদেয় সর্বোচ্চ ভর্তুকি কমিয়ে প্রায় ৪ হাজার ৯৩০ ডলার করা হবে। প্লাগ-ইন হাইব্রিড গাড়ির জন্য সর্বোচ্চ ভর্তুকি কমিয়ে প্রায় ৩ হাজার ২২০ ডলার করা হবে।
একইভাবে ফুয়েল সেল গাড়ির জন্য সর্বোচ্চ ভর্তুকি কমিয়ে প্রায় ৫ হাজার ৬৯০ ডলার করা হবে। ইলেকট্রিক কেই গাড়ি অর্থাৎ ব্যাটারি চালিত কমপ্যাক্ট মিনি-কার বা মিনি-ট্রাকের জন্য সর্বোচ্চ ভর্তুকি কমিয়ে প্রায় ২ হাজার ৮৯০ ডলার করা হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, বাজেট শেষ হয়ে গেলে ভর্তুকি আর পাওয়া যাবে না।