মেসি-বার্সা এক ‘অবিচ্ছেদ্য বন্ধন’
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
অর্জনের ঝুলিতে নতুন এক পুরস্কার যুক্ত হয়েছে লিওনেল মেসির। ফুটবলে অসামান্য অবদান ও মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে ‘প্রিন্সেস অব অ্যাস্টুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস ২০২৬’ সম্মাননা গ্রহণ করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক। তার অর্জনে অভিনন্দন জানিয়েছে বার্সেলোনা, সঙ্গে মনে করিয়ে দিয়েছে মেসির সঙ্গে ক্লাবটির অবিচ্ছেদ্য বন্ধনের কথাও।
শুক্রবার রাতে স্পেনের ওভিয়েদো শহরের তেয়াত্রো কাম্পোয়ামারে আয়োজিত অনুষ্ঠানে মেসির হাতে তুলে দেয়া হয় মর্যাদাপূর্ণ সম্মাননা পুরস্কারটি। আয়োজক প্রিন্সেস অব অ্যাস্টুরিয়াস ফাউন্ডেশন জানিয়েছে, ফুটবল মাঠে অসাধারণ সাফল্যের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে মেসির ধারাবাহিক দাতব্য কর্মকাণ্ড পুরস্কারের জন্য তাকে নির্বাচনের অন্যতম কারণ।
মেসির অর্জনের পর বার্সেলোনা লিখেছে, ‘২০২৬ সালের ‘প্রিন্সেস অফ অ্যাস্টুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্ট’ জেতার জন্য লিও মেসিকে অভিনন্দন। আপনার অসাধারণ প্রতিভার জন্য এটি একটি যথার্থ স্বীকৃতি। মাঠের ভেতর ও বাইরে, উভয় জায়গায়ই আপনি গভীর প্রভাব ফেলেছেন। আপনার শ্রেষ্ঠত্ব, খেলার প্রতি অঙ্গীকার এবং সংহতির কারণে আপনি বিশ্ব ফুটবলে একটি মানদণ্ড হয়ে উঠেছেন।’
‘আপনার অত্যন্ত সফল কর্মজীবনের একটি বড় অংশজুড়ে ছিল এফসি বার্সেলোনা, যা আপনার জীবন ও গল্পের এক অবিচ্ছেদ্য অংশ। একটি অবিচ্ছেদ্য বন্ধন, যা ক্লাবের ঐতিহ্যের অংশ হয়ে আছে এবং যার সাথে আপনার সম্পৃক্ততা সর্বদা গর্বের উৎস হয়ে থাকবে।’
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
