সংবাদ সংস্থা মুম্বই: করণ জোহরের বহুল চর্চিত ও বিতর্কিত চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর নবম সিজনের পর্দা খানিক উঠতেই বলিপাড়ায় শোরগোল। প্রথম পর্বেই স্পেশাল গেস্ট হিসেবে হাজির হয়ে মঞ্চ কাঁপিয়ে দিলেন বলিউডের ‘সুলতান’ সলমন খান। বুধবার ১৪ অক্টোবর রাত ৭টায় সম্প্রচারিত হবে এই পর্ব। সলমনের উপস্থিতি আর তাঁর একের পর এক চোখধাঁধানো মন্তব্য ইতিমধ্যেই নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল।
শো-এর নতুন প্রোমো প্রকাশ্যে আসতেই সবচেয়ে বেশি চর্চায় উঠে এসেছে সলমনের পুরোনো সেই ‘ভার্জিন’ মন্তব্য। ঠিক ১৩ বছর আগে (২০১৩ সালের সিজন ৪-এ) করণ জোহর প্রথম সলমনকে প্রশ্ন করেছিলেন তিনি ‘ভার্জিন’ কি না।
শো-এর এই নবম ও শেষ সিজনে সেই একই প্রশ্ন ফিরিয়ে এনে করণ যখন জিজ্ঞেস করেন, “তুমি কি আজও ভার্জিন?” শুনেই এক গাল হেসে ভাইজানের জবাব, “কন্ট্রোল ভাই!কন্ট্রোল!” এরপরেই কৌতুকের সুরে সলমন উলটে করণকে বিঁধে বলেন, “এমন নয় তো যে শেষ সিজন- শেষ সিজন বলে আমাদের সবাইকে ডেকে এনেছ?” উল্লেখ্য, সিজন ৪-এ সলমন জানিয়েছিলেন, তিনি তাঁর হবু স্ত্রীর জন্যই ‘নিজেকে’ বাঁচিয়ে রাখছেন এবং তাঁর জীবনে অনেক বান্ধবী থাকলেও তাঁরা কেবলই বন্ধু ছিলেন, ‘নো বেনিফিটস’!
https://www.youtube.com/watch?v=vZCv49OXTLI&t=423s
বয়স ৬০ ছুঁয়েছে, কিন্তু সলমন খানের বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহল আজও তুঙ্গে। তবে এবার রোমান্টিক জীবনের উর্ধ্বে উঠে আলোচনা গড়াল পরিবার ও পিতৃত্বের দিকে।করণ জোহর জিজ্ঞেস করেন, বোনঝি ও ভাইপোদের সঙ্গে সময় কাটাতে গিয়ে সলমনের কি কখনও নিজের সন্তানের অভাব বোধ হয়? খবর, সলমন নাকি কোনও দ্বিধা ছাড়াই উত্তর দেন— হ্যাঁ, তিনি জীবনে অন্তত একবার হলেও বাবা হওয়ার অভিজ্ঞতা অর্জন করতে চান!
আলোচনার একপর্যায়ে সলমন অত্যন্ত আবেগপ্রবণ হয়ে তুলে ধরেন যে, একটি পরিবার কীভাবে একজন মানুষকে মানসিক শান্তি দেয় এবং নিজের বলে আঁকড়ে ধরার জায়গা জোগায়।
বহু বছর ধরে কফি উইথ করণ মানেই তারকাদের গোপন হাঁড়ি হাটে ভাঙা, খুনসুটি, আর বিতর্কিত মন্তব্য। এই সিজনটিই নাকি শো-এর শেষ সিজন, আর প্রথম পর্বেই সলমনের এই খোলামেলা আড্ডা দর্শকদের প্রত্যাশা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
প্রতি বুধবার সন্ধ্যা ৭টায় জিও হটস্টার-এ স্ট্রিম হবে ‘কফি উইথ করণ ৯’ সিজনের নতুন নতুন পর্ব।
