কালবেলা · সাধারণ
ইয়োকোহামায় কামরুল হাসান লিপুর প্রথম একক চিত্রপ্রদর্শনী
২১/১০/২০২৬

জাপানের ইয়োকোহামার গ্যালারি শিমিজুতে শুরু হয়েছে বাংলাদেশি চিত্রশিল্পী কামরুল হাসান লিপুর প্রথম একক চিত্রপ্রদর্শনী ‘DOT: The Beginning of Everything’। ‘বিন্দু থেকে সৃষ্টি’ শিরোনামের এ প্রদর্শনীতে স্থান পেয়েছে তার ৪১টি চিত্রকর্ম।
মঙ্গলবার প্রদর্শনীর উদ্বোধন হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাপানের মাৎসুদো সিটি কাউন্সিলর মির কাজুএ। এ সময় জাপানি চিত্রশিল্পী আসানো ইয়াসুনোরি, পেপার কাটিং শিল্পী মিতা চিকাকো এবং গ্যালারি শিমিজুর প্রতিনিধি শিমিজু কাজুএ উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে বাংলাদেশের মানুষ, প্রকৃতি, লোকজ সংস্কৃতি ও শৈশবের স্মৃতি উঠে এসেছে শিল্পী লিপুর ক্যানভাসে। নারীমুখ, শাপলা, শাড়ির অলংকরণ, ঘুড়ি এবং লাল-সবুজের বিন্যাসে ফুটে উঠেছে তাঁর শেকড় ও আত্মপরিচয়ের অনুসন্ধান। ‘The Bede Girl’, ‘Madhabi’, ‘Mrinalini’ ও ‘Beyond the Blue’ শিরোনামের চিত্রকর্মে নারীর সৌন্দর্য, সংবেদনশীলতা ও মানসিক দৃঢ়তার নানা দিক তুলে ধরেছেন শিল্পী।
অন্যদিকে ‘The Sari of Stories’ ছবিতে নারী, পাখি, ফুল ও ময়ূরের বিন্যাসে শাড়িকে স্মৃতি ও গল্পের বাহন হিসেবে উপস্থাপন করেছেন তিনি। শাপলা নিয়ে শিল্পীর শৈশবের স্মৃতিও প্রদর্শনীর অন্যতম অনুষঙ্গ। এ ছাড়া পুরান ঢাকার ছাদ ও ঘুড়ির স্মৃতি নিয়ে ‘Childhood Beyond the Kite String’ এবং বাংলাদেশের জাতীয় পতাকার রং নিয়ে ‘The Flag of Independence’ শিরোনামের কাজ স্থান পেয়েছে প্রদর্শনীতে।
অ্যাক্রিলিক, তেলরং ও মিশ্রমাধ্যমে আঁকা এসব চিত্রকর্মে বাস্তবধর্মী অবয়বের পাশাপাশি বিমূর্ত রঙের ব্যবহারও রয়েছে। ২০১২ সালে টোকিওর তোয়ো ইনস্টিটিউট অব আর্ট অ্যান্ড ডিজাইন থেকে পেইন্টিংয়ে অ্যাডভান্সড ডিপ্লোমা সম্পন্ন করেন কামরুল হাসান লিপু। এর আগে তিনি বিভিন্ন যৌথ চিত্রপ্রদর্শনীতে অংশ নেন।
চিত্রচর্চার পাশাপাশি জাপানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সাংস্কৃতিক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন তিনি। তার প্রতিষ্ঠিত কাহাল আর্ট গ্রুপ বাংলাদেশ ও জাপানের শিল্পীদের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ এবং বাংলাদেশের লোকশিল্প তুলে ধরতে কাজ করছে। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত চলবে এ প্রদর্শনী।
মূল প্রতিবেদনে যান ↗