মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে পৃথক দুটি অভিযান চালিয়ে আনুমানিক ২৫ কেজি মা ইলিশ ও ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ টাকা।
রোববার (১৮ অক্টোবর) যমুনা নদী এবং জাফরগঞ্জ বাজারসংলগ্ন এলাকা ও নদীতীরবর্তী মাছের ঘাটে এসব অভিযান পরিচালনা করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগীর নেতৃত্বে পরিচালিত অভিযানে নৌ-পুলিশ, পাটুরিয়া থানা-পুলিশ ও বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা সহযোগিতা করেন। এ সময় মৎস্য দপ্তরের অন্যান্য সদস্যও উপস্থিত ছিলেন।
অভিযানের প্রথম পর্যায়ে যমুনা নদীতে অবৈধভাবে মৎস্য আহরণবিরোধী অভিযান চালিয়ে আনুমানিক ২৫ কেজি মা ইলিশ জব্দ করা হয়। এ সময় চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করা হয়।
পরে জব্দ করা ইলিশ শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মধ্যে বিতরণ করেন।
অন্যদিকে, দ্বিতীয় পর্যায়ে জাফরগঞ্জ বাজারসংলগ্ন এলাকা ও নদীতীরবর্তী মাছের ঘাটে অভিযান চালিয়ে ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ টাকা। পরে অবৈধ জালগুলো নদীর তীরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ গত ৮ অক্টোবর শুরু হয়েছে, চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা, উৎপাদন বৃদ্ধি এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
সংশ্লিষ্ট মৎস্য দপ্তর জানিয়েছে, মা ইলিশ রক্ষা ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবৈধ মৎস্য আহরণবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
স্লোগান: মা ইলিশ রক্ষা করুন, ইলিশের উৎপাদন বৃদ্ধি করুন।
The post শিবালয়ে মা ইলিশ রক্ষায় অভিযান, ২৫ কেজি ইলিশ ও ৪০ হাজার মিটার জাল জব্দ appeared first on ভোরের চেতনা.
