Published : 25 Oct 2026, 05:28 PM
Updated : 25 Oct 2026, 05:28 PM
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছরেই চলে গেলেন দৈনিক মানবকণ্ঠের সাংবাদিক এসএম মুন্না মিয়া।
শনিবার রাত ৩টার দিকে ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবারের বরাত দিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটি রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার মৃত্যুর খবর জানিয়েছে। এক সময় এ সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন মুন্না।
নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল মুন্নাকে। তার ডায়বেটিস ও রক্তচাপের সমস্যাও ছিল।
রোববার বাদ জোহর বনশ্রীর মেরাদিয়া ভুইয়াপাড়া বায়তুল ফালাহ জামে মসজিদে তার জানাজা হয়। পরে মেরাদিয়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
পেশাগত জীবনে সংস্কৃতি বিষয়ক প্রতিবেদক ছিলেন এসএম মুন্না। তিনি মানবকণ্ঠ ছাড়াও দৈনিক আমার দেশ, সমকাল, দেশবাংলা, নয়াশতাব্দীসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাব এডিটর কাউন্সিলের সদস্য ছিলেন মুন্না। তিনি এক মেয়ে রেখে গেছেন।
