জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবারের (Kirill Lander-Weber) চুরি হওয়া ল্যাপটপ উদ্ধারেরর পর ফেরত দিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগীর হাতে উদ্ধার হওয়া ল্যাপটপটি হস্তান্তর করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ সময় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপিগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শনের উদ্দেশে গত ২৩ সেপ্টেম্বর দেশে আসেন ক্রিল ল্যান্ডার-ওয়েবার। গত ৭ অক্টোবর তিনি দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার জন্য নাটোর রেলওয়ে স্টেশনের ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন। এ সময় নিজের ল্যাপটপ ও ক্যামেরা ওয়েটিং রুমে রেখে পাশের একটি এটিএম বুথে টাকা তুলতে যান ওই পর্যটক। ফিরে এসে ল্যাপটপ ও ক্যামেরা খুঁজে না পেয়ে তিনি পুলিশকে জানান। হারিয়ে যাওয়া ল্যাপটপটিতে তার গত ছয় মাসের কার্যক্রম ছাড়াও গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছিল।
তার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে নাটোর সদর থানা পুলিশ, নাটোর জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ এবং ট্যুরিস্ট পুলিশের একাধিক টিম ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধারে অভিযান শুরু করে। পুলিশের এই সম্মিলিত প্রচেষ্টায় গত ১১ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে নাটোর সদর থানাধীন কাপুড়িয়াপট্টি এলাকার নূর ক্লোথিং স্টোর থেকে ম্যাকবুক ল্যাপটপটি উদ্ধার করা হয়। হারানো জিনিস ফিরে পেয়ে ক্রিল ল্যান্ডার-ওয়েবার বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ দেশে ভ্রমণের ইতিবাচক অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
এদিকে, বিদেশি পর্যটকের অভিযোগের দ্রুত নিষ্পত্তি, ল্যাপটপ উদ্ধার এবং পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করার স্বীকৃতিস্বরূপ আইজিপি মঙ্গলবার নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান ও সাব-ইন্সপেক্টর মোহাম্মদ শাহাদাত হোসেনকে আর্থিক পুরস্কার প্রদান করেন।
এ সময় আইজিপি সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের কর্মদক্ষতা, আন্তরিকতা, দায়িত্ববোধ ও দলগত সাফল্যের প্রশংসা করেন। পাশাপাশি তিনি বাংলাদেশ পুলিশের সব ইউনিটকে দ্রুত ও পেশাদার পুলিশি সেবা প্রদান, দেশি-বিদেশি সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করে আস্থা অর্জন, পর্যটনবান্ধব পরিবেশ তৈরি এবং জনমুখী পুলিশিংয়ের ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপনের নির্দেশনা দেন।
