প্রকাশিত: ১৮:৪৬, ১৬ অক্টোবর ২০২৬
ভোলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
দুর্ঘটনাকবলিত একটি অটোরিকশা
ভোলার বোরহানউদ্দিনে দুই সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। এর মধ্যে, একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দালাল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি দুমড়ে-মুচড়ে চালকসহ ছয় যাত্রী আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাকিদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
বোরহানউদ্দিন থানার ওসি মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
