রংপুরের কাউনিয়ায় বাড়ির সামনে ফখরুল আলম রতন (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফখরুল আলম রতন ওই গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে। তিনি একসময় একটি এনজিওতে চাকরি করতেন। চাকরি ছেড়ে বর্তমানে বাড়িতে থেকে জমিজমা দেখাশোনা করতেন।
নিহতের স্বজন, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে রতন বাড়ি থেকে বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাঁকে ঘিরে ধরে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মণ্ডল বলেন, পূর্বশত্রুতার জেরে কিংবা অন্য কোনো কারণে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
