মধ্যপ্রাচ্য সংঘাত নতুন করে ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিশ্ব জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। ফলে গত ছয় মাসের মধ্যে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। খবর দ্য গার্ডিয়ানের।
স্থানীয় সময় শুক্রবার (২৩ অক্টোবর) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৭ ডলার অতিক্রম করেছে। চলতি বছরের গত এপ্রিলের পর এটিই আন্তর্জাতিক বাজারে তেলের সর্বোচ্চ দর। যদিও পরবর্তী সময়ে কিছুটা কমে ব্যারেলপ্রতি ১১৬ ডলারের ওপরে স্থির হয়। গত ফেব্রুয়ারি মাসে ইরান সংঘাত শুরুর আগে ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেলপ্রতি প্রায় ৭২ ডলার।
ইরান ঘোষণা দিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি দেশটির ওপর নতুন করে হামলা চালায়, তবে তারা পারস্য উপসাগরীয় অঞ্চলের তেল শোধনাগার, সাবমেরিন ক্যাবল, ডাটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কেন্দ্রগুলোতে আক্রমণ চালাবে। এই হুমকির পরপরই বিশ্ববাজারে দ্রুত তেলের দাম লাফিয়ে বাড়তে শুরু করে।
বাজার বিশ্লেষকদের মতে, ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরপরই ওয়াশিংটন ও তেল আবিব ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে নতুন করে সামরিক হামলা চালাতে পারে- এমন খবর ছড়িয়ে পড়ায় বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
একই সময়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মাধ্যমে সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় হামলা জোরদার হয়েছে। অন্যদিকে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ পারাপারে অব্যাহত ঝুঁকি ও আইআরজিসির সাম্প্রতিক হামলার ঘটনার কারণেও বিশ্বজুড়ে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার প্রবল ঝুঁকি তৈরি হয়েছে।
