চট্টগ্রাম নগরীর মনসুরাবাদ এলাকায় একটি ট্রাকের পাটাতনের নিচে বিশেষ কৌশলে তৈরি গোপন চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ সময় ইয়াবা পরিবহনে জড়িত ট্রাকচালক মো. রুহুল আমিনকে (৪৫) গ্রেপ্তার এবং ইয়াবা পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত পৌনে ২টার দিকে নগরীর ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ পুলিশ লাইনের বিপরীতে ৪৩৮ ডিটি রোডের দরবার ইঞ্জিনিয়ারিংয়ের সামনে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ট্রাকচালক মো. রুহুল আমিন পাবনা জেলার আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকার মৃত সোহরাব আলী ও আসিয়া বেগম দম্পতির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান ট্রাকে করে কোতোয়ালি হয়ে সাগরিকার দিকে নিয়ে যাওয়া হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে নগর গোয়েন্দা পুলিশের একটি দল মনসুরাবাদ এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন ট্রাকটি (যশোর-ট-১১-২৫৬৩) এলাকায় পৌঁছালে পুলিশ সেটির গতিপথ রোধ করে তল্লাশি চালায়। পরবর্তীতে ট্রাকের পাটাতনের নিচে কৌশলে তৈরি গোপন চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
নগর গোয়েন্দা পুলিশ জানায়, উদ্ধারকৃত বিপুল ইয়াবার চালান জব্দসহ গ্রেপ্তারকৃত চালকের বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
