অনলাইন বেটিং, জুয়া এবং ড্রেসিংরুমের গোপন তথ্য ফাঁসের অভিযোগে চলমান তদন্তের মধ্যেই ঘরোয়া ক্রিকেটে ফেরার অনুমতি পেয়েছেন পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ছাড়পত্র পাওয়ায় ১৯ অক্টোবর থেকে শুরু হওয়া প্রেসিডেন্টস কাপের পঞ্চম রাউন্ডে খেলার কথা তার।
পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বর্তমানে সুই নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেডের (এসএনজিপিএল) পরিচালক এবং প্রধান কোচ মোহাম্মদ হাফিজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তার ভাষ্য, রিজওয়ানকে ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি দিয়ে পিসিবির ঘরোয়া ক্রিকেট বিভাগ থেকে ই-মেইল পাঠানো হয়েছে। টুর্নামেন্টে এসএনজিপিএলের নেতৃত্বও দেওয়ার কথা রয়েছে রিজওয়ানের।
এর আগে তদন্তের স্বার্থে রিজওয়ান ও পাকিস্তানের আরেক ব্যাটার ইমাম-উল-হককে ঘরোয়া ক্রিকেটে খেলা থেকে বিরত রাখা হয়েছিল। গত আগস্টে ইংল্যান্ড সফরে দ্বিতীয় টেস্টের পর তাদের দেশে ফিরিয়ে আনা হয়। এরপর অনলাইনে বেটিং ও জুয়া-সংক্রান্ত অভিযোগ এবং দলের ড্রেসিংরুমের তথ্য ফাঁসের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের তলব করে ন্যাশনাল সাইবার ক্রাইম এজেন্সি (এনসিসিএ)।
তদন্তের অংশ হিসেবে রিজওয়ান ও ইমামের মুঠোফোনও জব্দ করা হয়। লর্ডসে দ্বিতীয় টেস্ট চলাকালে পাকিস্তান দলের সঙ্গে থাকা নিরাপত্তাকর্মীরা ফোন দুটি জব্দ করেন। বর্তমানে ফরেনসিক পরীক্ষার জন্য সেগুলো এনসিসিএর হেফাজতে রয়েছে।
রিজওয়ান ইতিমধ্যে দুই দফায় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন। তবে ঠিক কী ধরনের অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে, ইমাম-উল-হককে নিয়ে প্রকাশ্যে তেমন আলোচনা না হলেও তদন্তে রিজওয়ানের অবস্থান নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ আলোচনা হয়েছে।
পাকিস্তানের গণমাধ্যমের বরাতে জানা যায়, গত ১০ অক্টোবর লাহোরে এনসিসিএর সঙ্গে রিজওয়ানের সর্বশেষ জিজ্ঞাসাবাদ পর্বের পর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। শিগগিরই তদন্ত শেষ হতে পারে বলেও জানিয়েছে।
ঘরোয়া ক্রিকেটে ফেরার অনুমতি পেলেও তদন্তের আনুষ্ঠানিক সমাপ্তি কিংবা অভিযোগ থেকে রিজওয়ানের অব্যাহতির বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ফলে মাঠে ফেরার সুযোগ পেলেও তদন্তের অগ্রগতি নিয়ে নজর থাকবে ক্রিকেটমহলের।
পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ৪৭টি টেস্ট, ১০৩টি ওয়ানডে ও ১০৬টি টি-টোয়েন্টি খেলেছেন রিজওয়ান। লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ছিলেন তিনি। পিসিবির এই সিদ্ধান্তে দীর্ঘ বিরতির পর আবারো মাঠে ফেরার সুযোগ তৈরি হয়েছে অভিজ্ঞ এই ক্রিকেটারের সামনে।
