দেশে ইলিশ মাছের উৎপাদন কমে যাওয়ার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান এবং তা বাড়ানোর উপায় বের করতে গবেষণার উদ্যোগ নিয়েছে সরকার। বিজ্ঞানীদের মাধ্যমে সঠিক কারণ চিহ্নিত করে শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।
মঙ্গলবার দুপুরে চাঁদপুর সদরের দাসাদী নদীর পাড়ে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ উপলক্ষে আয়োজিত ভিজিএফের চাল বিতরণ ও জনসচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, মা ইলিশ রক্ষা এবং জাটকা নিধন রোধে সরকারের পক্ষ থেকে জেলে সম্প্রদায়কে প্রচুর সহযোগিতা করা হচ্ছে। ইলিশ আমাদের জাতীয় মাছ এবং সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের নদীর ইলিশের মতো সুস্বাদু মাছ আর কোথাও নেই। তবে সম্প্রতি এর উৎপাদন অনেকটাই কমে যাচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, শুধুমাত্র মা মাছ বা জাটকা ধরে ফেলার কারণেই যে ইলিশ কমছে তা নয়, নদীগুলোতে চর জেগে ওঠাও অন্যতম একটি কারণ; যার ফলে মাছ চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। ঠিক কোন কোন সমস্যার কারণে ইলিশ উৎপাদন কমছে এবং কী কী পদক্ষেপ নিলে উৎপাদন বৃদ্ধি পাবে, তা সুনির্দিষ্টভাবে বের করতে সরকার বিজ্ঞানীদের দায়িত্ব দিয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং জেলেদের জীবনযাত্রার মানোন্নয়নে খুব শিগগিরই নতুন একটি প্রকল্প গ্রহণ করা হবে, যার মাধ্যমে জেলে সম্প্রদায়ের জন্য নতুন সুযোগ-সুবিধা উপস্থাপন করা হবে।
চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো: দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: খালেদ কনক, চাঁদপুরের পুলিশ সুপার মো: মিজানুর রহমানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
