গাজীপুরে ভেটেরিনারি শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান, পেশাগত দক্ষতা ও মাঠপর্যায়ের অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে ডিভিএম ইন্টার্নশিপ প্রোগ্রাম-১-এর সমাপনী বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রাণিস্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন এবং আধুনিক প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় দক্ষ ভেটেরিনারিয়ান গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
বুধবার (১৪ অক্টোবর) গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জেলা পরিষদ হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থীদের ডিভিএম ইন্টার্নশিপ প্রোগ্রাম-১ (INT-531), অটাম টার্ম-২০২৫-এর সমাপনী কার্যক্রম সম্পন্ন হয়।
গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. হারুনুর রশিদ এবং গাজীপুরের অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফৌজিয়া ফেরদৌস।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের (বিভিএ) আহ্বায়ক ডা. শফিউল আহাদ সরদার স্বপন, ভেট এক্সিকিউটিভের সভাপতি ডা. রেজাউল করিম মিয়া ও সাধারণ সম্পাদক ডা. আলামিন, পিনাকল এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. তাফাজ্জল হোসেন দিপলু, বায়ো ইনোভা লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মো. খালেকুজ্জামান এবং এসিডিআই/ভিওসিএর কনসালট্যান্ট ডা. মো. ইমরান হাসান লিংকন।
এ ছাড়া বাংলাদেশ পোল্ট্রি ফার্মার্স অ্যাসোসিয়েশন, গাজীপুর শাখার সভাপতি মো. শহিদুল ইসলাম এবং বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন, গাজীপুর শাখার সাধারণ সম্পাদক মো. মাসুদুল করিম মুনায়েম অনুষ্ঠানে অংশ নেন।
প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান, DTO ডা. মো. সেলিম উল্লাহ, DD (AI) ডা. এ. জে. এম. সালাউদ্দিন এবং গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী আলমগীর হোসেন। এ সময় সংশ্লিষ্ট শিক্ষক, ভেটেরিনারিয়ান, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও ইন্টার্নশিপে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মাঠপর্যায়ের অভিজ্ঞতা অর্জনে ইন্টার্নশিপের গুরুত্ব
সেমিনারে ভেটেরিনারি শিক্ষার ব্যবহারিক প্রয়োগ, প্রাণিস্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং আধুনিক প্রাণিসম্পদ ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মাঠপর্যায়ে প্রাণিসম্পদ সেবার বাস্তব অভিজ্ঞতা অর্জন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং একাডেমিক শিক্ষায় অর্জিত তাত্ত্বিক জ্ঞানের কার্যকর প্রয়োগে ইন্টার্নশিপের গুরুত্ব তুলে ধরা হয়।
বক্তারা বলেন, একজন দক্ষ ও দায়িত্বশীল ভেটেরিনারিয়ান হিসেবে গড়ে উঠতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা অপরিহার্য। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শিক্ষা ও কর্মক্ষেত্রের অভিজ্ঞতার সমন্বয় শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি প্রাণিসম্পদ খাতের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করে তুলবে।
তাঁরা আরও বলেন, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন, প্রাণিকল্যাণ নিশ্চিতকরণ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং দেশের প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে ভেটেরিনারিয়ানদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রাণীর রোগ শনাক্তকরণ, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, খামার ব্যবস্থাপনার উন্নয়ন এবং মানসম্মত প্রাণিস্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নবীন ভেটেরিনারিয়ানদের আধুনিক জ্ঞান ও বাস্তব দক্ষতা অর্জন করতে হবে।
বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের বৈজ্ঞানিক সেমিনার শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করার পাশাপাশি তাঁদের পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে। এর মাধ্যমে ভবিষ্যতে প্রাণিস্বাস্থ্যসেবা আরও উন্নত করা এবং দেশের প্রাণিসম্পদ খাতের টেকসই অগ্রযাত্রায় কার্যকর ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে।
