অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া টুপটুপ রিসোর্ট ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতি ছাড়া পরিচালিত হচ্ছিল বলে মন্তব্য করেছেন তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তাসনীম জাহান। তিনি বলেছেন, আগুনের সূত্রপাতের কারণসহ অনুমোদন না নিয়ে ব্যবসা পরিচালনার বিষয়ে তদন্ত কমিটির সদস্যরা তথ্য সংগ্রহ করছেন।
রোববার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে তাসনীম জাহানের নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শনে যান তদন্ত কমিটির সদস্যরা। তারা ঘটনাস্থলে পৌঁছে প্রত্যক্ষদর্শীসহ সংশ্লিষ্ট স্থানীয়দের বক্তব্য সংগ্রহের পাশাপাশি ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নানা বিষয়ের খোঁজখবর নেন।
তদন্ত কমিটির প্রধান জানান, এর আগেও অভিযুক্ত প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়া হয়েছিল। তবে সংশ্লিষ্টরা কোনো ধরনের কার্যকর ব্যবস্থা নেয়নি। তদন্তের পর অভিযুক্ত প্রতিষ্ঠানটির আর কী কী অনিয়ম রয়েছে, সব তথ্য উপস্থাপন সম্ভব হবে।
এছাড়া উদ্ধার ১০ মরদেহের পরিচয় ঘিরে বিভ্রান্তির ব্যাপারে তাসনীম জাহান বলেন, ঘটনায় ভুক্তভোগী পরিবারের স্বজনদের সঙ্গে তদন্ত কমিটির সদস্যদের যোগাযোগ হয়েছে। তাদের তথ্যের সঙ্গে লাশের সংখ্যার মিল থাকলেও, মরদেহগুলো আগুনে পুড়ে বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। ডিএনএ নমুনা পরীক্ষার পর তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হবে।
