প্রকাশিত: ২০:৫৫, ১৭ অক্টোবর ২০২৬
খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
খাগড়াছড়ির পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) সীমান্ত এলাকা হতে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।
বিজিবি জানায়, শনিবার ভোরে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) বুদ্ধমনি পাড়া বিওপির নায়েব সুবেদার মো. এমদাদুল হকের নেতৃত্বে একটি নিয়মিত টহলদল সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে টহল দেওয়ার সময় কচুছড়িমুখ পাড়া নামক এলাকায় পৌঁছালে, হঠাৎ কিছু লোককে দেখলে তাদের সন্দেহ হয়। তাদের দেখে কৌশলগতভাবে কিছুদূর সামনে অগ্রসর হলে সীমান্তের নিকটবর্তী পাহাড় হতে দশ-বার জনের একটি দল কাঁধে ব্যাগ নিয়ে সীমান্ত রাস্তায় নেমে আসে, তখন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলামের নির্দেশনায় বিজিবির টহল দল সন্দেহভাজন ব্যক্তিদের চ্যালেঞ্জ করে থামতে বললে তারা দ্রুত পালিয়ে যায়।
বিজিবি তাদের ধাওয়া করলে তারা এলোমেলোভাবে সীমান্ত রাস্তা হতে পার্শ্ববর্তী জঙ্গলে পালিয়ে যায়। পরে পার্শ্ববর্তী এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি এসএমজি, একশত রাউন্ড গুলি, ২টি বাটন মোবাইল সেট উদ্ধার করে।
বিজিবি জানায়, সীমান্তবর্তী এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি ও কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।
