মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শতাধিক দরিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করেছে শ্রীকৃষ্ণ যুবসংঘ। শনিবার রাত সাড়ে ৯টায় শমশেরনগর বাজারের শহীদ শামছু রোডে দুর্গামণ্ডপ প্রাঙ্গণে এ বস্ত্র বিতরণ করা হয়।
শ্রীকৃষ্ণ যুবসংঘ, শমশেরনগরের সভাপতি শিমুল কান্তি পালের সভাপতিত্বে এবং প্রতুল পালের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুক, শমশেরনগর এএটিএম বহুমুখী উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মিহির কুমার ধর, বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার দাশ, কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন এবং শমশেরনগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজিত চন্দ্র পাল প্রমুখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন ধর্মের শতাধিক দরিদ্র মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। দুর্গোৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
