লা লিগায় বার্সেলোনা তারকা লামিন ইয়ামালের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার জেরে রিয়াল বেতিসের খেলোয়াড় ফাকুন্দো বেরনালকে চার ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটি। বুধবার এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।
এএস সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, গত রোববার উরুগুয়ের এই ফুটবলারের লাল কার্ডের বিরুদ্ধে বেতিসের করা আপিল খারিজ করে দিয়েছে কমিটি। স্বাগতিক দল ৩-২ গোলে এগিয়ে যাওয়ার পর ইয়ামালের সঙ্গে সংঘর্ষে লাল কার্ড দেখেন বেরনাল।
কমিটি জানায়, স্প্যানিশ ফুটবলের শৃঙ্খলাবিধি অনুযায়ী ঘটনাটি ‘হামলা’ হিসেবে গণ্য হয়েছে। এ কারণে তাঁকে চার ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞার ফলে কোপা দেল রে ও সেভিয়া ডার্বিসহ একাধিক ম্যাচে খেলতে পারবেন না বেরনাল।
বেতিস জানিয়েছে, তারা এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কমিটির কাছে আবেদন করবে। ক্লাবটির মতে, মাঠে ঘটে যাওয়া ঘটনার তুলনায় এই শাস্তি অসামঞ্জস্যপূর্ণ।
শুধু বেরনালই নন, শৃঙ্খলা কমিটি বেতিসের ক্রীড়া পরিচালক মানু ফাজারদোকেও দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। কমিটির মতে, তাঁর আচরণ ক্রীড়া আচরণবিধি লঙ্ঘন করেছে।
বেরনালকে লাল কার্ড দেখানোর পর রেফারিকে নিয়ে ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেন বেতিসের কোচ ম্যানুয়েল পেল্লেগ্রিনি। তবে বড় কোনো শাস্তি পাননি তিনি। তাঁকে কেবল সতর্ক করা হয়েছে।
