আজকাল ওয়েবডেস্ক: ককরোচ জনতা পার্টির প্রস্তাবিত তিরঙ্গা মিছিলের আগে দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্ক দু’দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিল নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল।
বৃহস্পতিবার পুরসভার তরফে জানানো হয়েছে, ১৬ ও ১৭ অক্টোবর সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে সেন্ট্রাল পার্ক। শুক্রবার পার্কে জাতীয় পতাকা নিয়ে মিছিলের কর্মসূচি রয়েছে সিজেপির।
কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লির নিরাপত্তা তুঙ্গে। পুরসভার জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রশাসনিক কারণে সেন্ট্রাল পার্ক বন্ধ রাখা হবে। এই পার্কেই রয়েছে একটি বিশাল জাতীয় পতাকা।
ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে শুক্রবার বিকেলে ‘লহরা দো তিরঙ্গা’ কর্মসূচির ডাক দিয়েছেন। একই সময়ে দেশের অন্যান্য শহরেও তিরঙ্গা মিছিলের আয়োজন করার আহ্বান জানিয়েছে সিজেপি।
অন্যদিকে, কনট প্লেসে সিজেপির প্রস্তাবিত কর্মসূচিতে সাধারণ মানুষকে যোগ না দেওয়ার পরামর্শ দিয়েছে দিল্লি পুলিশ। জানানো হয়েছে, পার্ক চত্বরে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি রয়েছে।
সে কারণে জমায়েতে নিষেধাজ্ঞা রয়েছে। তবে দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, জাতীয় পতাকা প্রদর্শন ও বহন এবং জাতীয় সঙ্গীত গাওয়ার ক্ষেত্রে নির্ধারিত নিয়ম যাতে মেনে চলা হয় তা নিশ্চিত করা হবে।
পুলিশ জানিয়েছে, উপযুক্ত কোনও স্থানে ১১ জনের একটি দলকে জাতীয় পতাকা বহন এবং জাতীয় সঙ্গীত গাওয়ার সুযোগ করে দেওয়া যেতে পারে। উল্লেখ্য, সেন্ট্রাল পার্কে ১৬ অক্টোবর ককরোচ জনতা পার্টির প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচি আটকানোর আবেদন খারিজ করে দিয়েছিল দিল্লি হাই কোর্ট।
এরপরেই বৃহস্পতিবার পার্ক বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি করে পুরসভা। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নীতিন বাসুদেও সাম্ব্রে এবং বিচারপতি সঞ্জয় শর্মার বেঞ্চে কনট প্লেসের এক ব্যবসায়ী অনিল কুমার গুপ্ত এই আবেদন করেছিলেন।
তাঁর বক্তব্য ছিল, আইন মেনে বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হোক। আদালত পুলিশকে জানিয়েছে, পরিস্থিতি সামাল দিতে সমস্ত রকম প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারবে পুলিশ।
পাশাপাশি, ওই এলাকার ব্যবসা-বাণিজ্যে যাতে কোনওরকম বিঘ্ন না ঘটে, তা নিশ্চিত করার বিষয়েও আশ্বাস দিয়েছে পুলিশ। শুনানির সময় অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা আদালতকে জানান, ককরোচ জনতা পার্টির কর্মসূচি নিয়ন্ত্রণে ইতিমধ্যেই পদক্ষেপ করা হয়েছে।
আবেদনকারীর উদ্বেগের বিষয়গুলিও গুরুত্ব দিয়ে দেখা হবে বলে আশ্বাস দেন তিনি। প্রয়োজন হলে আইন মেনে সব রকম ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।
https://youtu.be/JwFdq_tA9cE?si=ibjIQUWKW3DwBjuK
এদিকে, শুক্রবারের কর্মসূচিকে সামনে রেখে কনট প্লেস এবং যন্তর মন্তরের আশপাশে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর। বিক্ষোভ ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে দিকে নজর রাখছে প্রশাসন।
