সিলেট ভয়েস ডেস্ক · ১৮ অক্টোবর, ২০২৬ ৫:২২ অপরাহ্ন
সিলেটে হাইব্রিড পিচ নির্মাণের কাজ শুরু হলে সেটির উদ্বোধন করতে বাংলাদেশে আসবেন আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এ তথ্য জানিয়েছেন।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে মরক্কো থেকে ভুটান যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টার যাত্রাবিরতি করেন ফিফা সভাপতি। এ সময় তাবিথ আউয়াল ও বাফুফের সহসভাপতিদের সঙ্গে তাঁর বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশের ফুটবলের অবকাঠামোগত উন্নয়ন, ফিফার অর্থায়ন এবং তৃণমূল পর্যায়ে ফুটবলের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের তাবিথ আউয়াল জানান, বাংলাদেশের ফুটবলের উন্নয়নে কয়েকটি অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে স্টেডিয়াম সংস্কার, ফ্লাডলাইট স্থাপন, টেকনিক্যাল সেন্টার নির্মাণ এবং সিলেটে হাইব্রিড পিচ তৈরি অন্যতম। এসব প্রকল্পে ফিফার ফরোয়ার্ড কর্মসূচির অর্থ ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে।
বাফুফে সভাপতি বলেন, বাংলাদেশ সরকার ইতিমধ্যে ফেডারেশনকে ১৫ একর জমি বরাদ্দ দিয়েছে। পাশাপাশি ক্রীড়া মন্ত্রণালয় থেকে দুটি স্টেডিয়াম পরিচালনার দায়িত্বও পেয়েছে বাফুফে। এসব অবকাঠামোর উন্নয়নে চলতি বছর থেকেই অর্থ ব্যয় শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তাবিথ আউয়াল বলেন, টেকনিক্যাল সেন্টার নির্মাণ, সিলেটে হাইব্রিড পিচ তৈরি কিংবা স্টেডিয়াম সংস্কারের কাজ শুরু হলেই ফিফা সভাপতি আনুষ্ঠানিকভাবে প্রকল্পগুলোর উদ্বোধন করতে বাংলাদেশে আসবেন। তাঁর সফরের সময় মূলত প্রকল্পগুলোর কাজের অগ্রগতির ওপর নির্ভর করছে।
বৈঠকে বাংলাদেশের ফুটবল উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও ফিফা সভাপতিকে জানানো হয়। স্টেডিয়ামগুলোতে সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং চতুর্থ শ্রেণি থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবলসহ অন্যান্য খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনার কথা শুনে ইনফান্তিনো সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান তাবিথ আউয়াল।
এ ছাড়া বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ফুটবলের সঙ্গে সম্পৃক্ত করতে আরও বেশি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের বিষয়েও আলোচনা হয়েছে। যুক্তরাজ্য, ইতালি, মালয়েশিয়া ও সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের কথা বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ফুটবলের পরিসর বাড়ানোর আগ্রহের কথা তুলে ধরে বাফুফে।
তাবিথ আউয়াল আরও জানান, বাংলাদেশের সরকার ও বাফুফে ফুটবলের উন্নয়নে কতটা আন্তরিক, তা ফিফা সভাপতি উপলব্ধি করতে পেরেছেন। দেশের ফুটবলের অগ্রগতি নিয়ে ইনফান্তিনো সন্তোষ প্রকাশ করেছেন এবং এ বিষয়ে একটি ভিডিও বার্তাও দিয়েছেন। ভবিষ্যতে ফিফার কাছ থেকে আরও বড় পরিসরে সহযোগিতা পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
গুগলে আমাদের খবর পেতে
