২০২৫ সালের ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন দৈনিক আগামীর সময়ের সিনিয়র সাব এডিটর রাহেনুর ইসলাম। এ নিয়ে দ্বিতীয়বারের মতো বর্ষসেরা ক্রীড়া সাংবাদিক নির্বাচিত হলেন তিনি। এর আগে ২০২৩ সালেও এই পুরস্কার জিতেছিলেন রাহেনুর।
আজ রাজধানীর পল্টনে ফারস হোটেলের সিন্দুরপুর হলে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) আয়োজনে অনুষ্ঠিত হয় ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অ্যাওয়ার্ড। স্বাধীন বিচারক প্যানেলের মূল্যায়নে সর্বোচ্চ নম্বর পেয়ে তওফিক আজিজ খান ট্রফির সঙ্গে এক লাখ টাকার চেক পেয়েছেন রাহেনুর। এ বিভাগে রানারআপ হয়েছেন প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ ও ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক আরাফাত জোবায়ের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ সাঁতার ফেডারেশনের জ্যেষ্ঠ সহসভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবার টানা ১১তমবারের মতো এই পুরস্কার দিয়েছে বিএসপিএ।
এবার আটটি বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে। এক্সক্লুসিভ রিপোর্ট বিভাগে সেরা হয়েছেন সময় টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক এস এম ইকবাল কাউসার। তিনি জিতেছেন বদি-উজ-জামান ট্রফি। এ বিভাগে রানারআপ হয়েছেন প্রথম আলোর তারেক মাহমুদ ও জহির উদ্দিন এবং দ্য রিয়াসাদ আজিমের রিয়াসাদ আজিম।
ইন্টারভিউ (প্রিন্ট ও অনলাইন) বিভাগে সেরা হয়ে আতাউল হক মল্লিক ট্রফি জিতেছেন রাহেনুর ইসলাম। এই বিভাগে রানারআপ প্রথম আলোর তারেক মাহমুদ ও বাংলাট্রিবিউনের তানজীম আহমেদ। ইন্টারভিউ (টিভি) বিভাগে সেরা হয়েছেন নিউজ টোয়েন্টি ফোরের শুভ দেবনাথ। রানারআপ যমুনা টেলিভিশনের মেহেদী হাসান নাঈম ও টি স্পোর্টসের মৌসুমী মৌ।
সিরিজ রিপোর্ট বিভাগে আব্দুল হামিদ ট্রফি জিতেছেন ঢাকা পোস্টের আরাফাত জোবায়ের। এ বিভাগে রানারআপ হয়েছেন রাহেনুর ইসলাম ও টি স্পোর্টসের রুবেল রেহান। ফিচার (প্রিন্ট ও অনলাইন) বিভাগে রণজিৎ বিশ্বাস ট্রফি জিতেছেন কালের কণ্ঠের শাহজাহান কবীর। রানারআপ সমকালের সঞ্জয় সাহা পিয়াল ও দ্য ডেইলি স্টারের আশফাক উল আলম।
ডকুমেন্টারি (টিভি) বিভাগে সেরা হয়েছেন এখন টিভির এসকে শাওন। এই বিভাগে রানারআপ এখন টিভির রওশন শরীফ ও টি স্পোর্টসের রাহুল রায়। ফটোগ্রাফি বিভাগে বদরুল হুদা চৌধুরী ট্রফি জিতেছেন প্রথম আলোর শামসুল হক টেংকু। রানারআপ হয়েছেন দ্য ডেইলি স্টারের ফিরোজ আহমেদ ও আগামীর সময়ের মোশারফ হোসেন।
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে অনুষ্ঠানে জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক মোস্তফা কামাল ও জ্যেষ্ঠ ক্রীড়ালেখক মেজর (অব.) শাহাবউদ্দিন চাকলাদারকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
