দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হাম এবং হামের উপসর্গ মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২২ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং উপসর্গে ১ হাজার ১১৮ জন মারা গেছেন।
শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় শুধু ঢাকা বিভাগেই হামের উপসর্গে ৩ জনের মৃত্যু হয়। এ সময় সারাদেশে নতুন করে আরও ১ হাজার ৬৫ জন রোগী হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিভাগভিত্তিক হিসেবে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৬৩ জন রোগী ভর্তি হন। এ ছাড়া চট্টগ্রামে ২২৯ জন, সিলেটে ১২৫ জন, বরিশালে ৯১ জন, খুলনায় ৭০ জন, ময়মনসিংহে ৪৯ জন, রংপুরে ২৬ জন এবং রাজশাহী বিভাগে ১২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯৫ হাজার ৫১৪ জন ভর্তি হন। তাঁদের মধ্যে ১ লাখ ৮৭ হাজার ৬০৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
একই সময়ে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮৮৪ জনে, যার মধ্যে ল্যাব পরীক্ষায় ২৩ হাজার ৩২৪ জনের দেহে নিশ্চিতভাবে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।
জেএইচআর
