সাংবাদিকদের নিয়ে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন তাহরিকে খতমে নুবুওয়্যাত বাংলাদেশের আমির ড. এনায়েতুল্লাহ আব্বাসী। তিনি দাবি করেছেন, তিনি ঢালাওভাবে সব সাংবাদিককে গালিগালাজ করেননি; মূলত যারা অপসাংবাদিকতা বা হলুদ সাংবাদিকতায় জড়িত, তাদেরই সমালোচনা করেছেন।
মঙ্গলবার দিবাগত রাতে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন। তার দাবি, সাবেক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের মাদকবিরোধী অভিযান নিয়ে যারা নেতিবাচক প্রচারণা চালিয়েছেন এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন, তার ক্ষোভ ছিল মূলত তাদের বিরুদ্ধে।
বিজ্ঞাপন
ইশরাক হোসেনের অভিযান প্রসঙ্গে আব্বাসী বলেন, অভিযানের উদ্দেশ্য মহৎ হলেও পিস্তল উঁচিয়ে ঘটনাস্থলে যাওয়ার কৌশলটি সঠিক ছিল না। তবে গণমাধ্যমকর্মীরা চাইলে এ উদ্যোগের ইতিবাচক দিক তুলে ধরতে পারতেন। সাংবাদিকদের একপেশে প্রচারণার কারণেই ইশরাক হোসেনকে পদ হারাতে হয়েছে বলে তিনি দাবি করেন।
পূর্ববর্তী বক্তব্যের ব্যাখ্যায় আব্বাসী আরো উল্লেখ করেন, মাহফিলে তিনি সব সাংবাদিককে এক পাল্লায় মাপেননি। যারা বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করে সমাজে ভুল বার্তা দেন, তার বক্তব্য ছিল শুধু তাদের উদ্দেশ্য করে।
