কালবেলা · আন্তর্জাতিক
ডিআরএমসির আন্তর্জাতিক বিজনেস সামিটে ২৩ দেশের শিক্ষার্থীরা
১৮/১০/২০২৬

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে (ডিআরএমসি) আয়োজিত ‘এনসিসি ব্যাংক প্রেজেন্টস ৩য় ডিআরএমসি ইন্টারন্যাশনাল বিজনেস সামিট-২০২৬’ শেষ হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) কলেজ প্রাঙ্গণে তিন দিনব্যাপী এ আয়োজনের সমাপনী অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) ভাইস প্রেসিডেন্ট ও ওল্ড রেমিয়ানস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (অরওয়া) সাধারণ সম্পাদক ফকির কামরুজ্জামান নাহিদ।
আয়োজকরা জানান, এবারের সামিটে ২৩টি দেশের ১৯০টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঁচ সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। তিন দিনব্যাপী আয়োজনে ছিল বিজনেস ডিবেট, বিজনেস কেস স্টাডি, বিজনেস অলিম্পিয়াড, গেস দ্য লোগো, সেল মি দিস, প্রোডাক্ট ফটোগ্রাফি, বিজনেসভিত্তিক ওয়াল ম্যাগাজিন, স্ক্র্যাপবুক ও স্টার্টআপ বিজনেস আইডিয়াসহ ১৯টি প্রতিযোগিতামূলক ইভেন্ট।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ব্যবসায়িক জ্ঞান, পেশাগত দক্ষতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে খাপ খাইয়ে নিতে তরুণদের প্রস্তুত করার ক্ষেত্রেও এ ধরনের উদ্যোগ কার্যকরী ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে একজন অতিথি বলেন, আন্তর্জাতিক পরিসরে শিক্ষার্থীদের অংশগ্রহণ এ আয়োজনকে বিশেষ মাত্রা দিয়েছে। এ ধরনের সামিট তরুণদের মেধা ও আত্মবিশ্বাস বিকাশের পাশাপাশি ভবিষ্যৎ উদ্যোক্তা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত করতে সহায়তা করবে।
সামিট আয়োজনের জন্য ডিআরএমসি বিজনেস অ্যান্ড ক্যারিয়ার ক্লাবকে অভিনন্দন জানানো হয়। পাশাপাশি টাইটেল স্পনসর এনসিসি ব্যাংক এবং কো-টাইটেল স্পনসর নিউরন এডুকেয়ার ও আর্টিজানের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষরা, ক্লাবসমূহের সমন্বয়ক সহযোগী অধ্যাপক মো. জাহেদুল হক, সামিটের আহ্বায়ক সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন মৃধা, ডিআরএমসি বিজনেস অ্যান্ড ক্যারিয়ার ক্লাবের মডারেটর সহকারী অধ্যাপক জাফর ইকবাল, আমন্ত্রিত অতিথি, সাংবাদিক, অভিভাবক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মূল প্রতিবেদনে যান ↗